সাতকানিয়ায় হাতির আক্রমণে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে আহত মো. হোসেন (৪০) গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের বন্য হাতির আক্রমণে তিনি আহত হন।

সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাতে ১৬-১৭টি বন্য হাতি লোকালয়ে নেমে আসে। হাতির দলটি ইউনিয়নের পূর্ব ছদাহা সিন্ধুপ্যাপাড়া গ্রামের ছয়টি বসতঘর ভাঙচুর করে। এ সময় হাতির পায়ে পিষ্ট হন মো. হোসেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মো. হোসেন পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সিন্ধুপ্যাপাড়ায় বসতঘর তৈরি করে বসবাস করে আসছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ প্রথম আলোকে বলেন, ছদাহার সিন্ধুপ্যাপাড়ায় হাতির আক্রমণে বসতঘর ভাঙচুর ও এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে গতকাল তিনি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।