সাতকানিয়ায় হাতির আক্রমণে আহত ১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে সুধীর কুমার রুদ্র (৬০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ সময় হাতির দলের আক্রমণে পাশের পূর্ব ছদাহা সন্ধিপ্পাপাড়া গ্রামের চারটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে পূর্ব ছদাহা এলাকায় পাহাড়ের পাশে বন্য হাতির একটি দল অবস্থান করছিল। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে হাতির দলটি পাশের লোকালয়ে হানা দেয়। এ সময় হাতির আক্রমণে কুমারপাড়ার সুধীর কুমার রুদ্র নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এর কিছুক্ষণ পর হাতির দলটি পাশের সন্ধিপ্পাপাড়া গ্রামের চারটি কাঁচা বসতঘর ভাঙচুর করে পাহাড়ের দিকে চলে যায়।
ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্য হাতির একটি দল আজ সকালে হঠাৎ করে কুমারপাড়া ও সন্ধিপ্পাপাড়ায় হানা দিলে সুধীর কুমার গুরুতর আহত হন। তাঁকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বন বিভাগের বাজালিয়া বড়দুয়ারা স্টেশন কর্মকর্তা মো. রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, বন্য হাতির দলটি লোকালয়ে আক্রমণ শেষে আবারও পাহাড়ের পাশে আশ্রয় নিয়েছে। বন বিভাগের লোকজন হাতির দলটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।