সাতকানিয়ায় হাতির আক্রমণে শিশু নিহত মা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের পাহাড়ি এলাকায় গত রোববার রাতে হাতির আক্রমণে উম্মে সালমা (৬) নামের এক শিশু মারা গেছে। এ ঘটনায় তার মা নূর আয়েশা আহত হন। তাঁকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সালমা সুইপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত। গৃহকর্তা শামসুল আলম অপর তিন সন্তান নিয়ে পালাতে সক্ষম হন। সূত্র জানায়, চাষাবাদের সুবিধার জন্য শামসুল আলম ওই ইউনিয়নের পাহাড়সংলগ্ন রূপপাড়ার সুইপুরা এলাকায় তিন মাস আগে ঘর বাঁধেন। আগে সেখানে কোনো ঘরবাড়ি ছিল না।ঘটনার বর্ণনা দিয়ে শামসুল জানান, রোববার রাত আটটার দিকে একপাল হাতি তাঁর বাড়ির পেছনের গাছপালার ক্ষতি করতে থাকে। একপর্যায়ে হাতির দল ঘরের ছাউনি ধরে টান দিলে তিনি ও তাঁর স্ত্রী নূর আয়েশা চার সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় পেছনে থাকা স্ত্রীর হাতে ধরা সালমাকে একটি হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে নিয়ে হত্যা করে। একই হাতি তাঁর স্ত্রীকেও শুঁড়ে পেঁচিয়ে দূরে বালুর স্তূপের ওপর ছুড়ে মারে। এর পর হাতির পাল পাশের পানিচড়তি এলাকার পাহাড়ের দিকে চলে যায়।পরে আহত নূর আয়েশাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর শামসুল আলমের পরিবার ওই বাড়ি ছেড়ে লোকালয়ে ফিরে আসে। সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ জানান, বিষয়টি নিয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা করে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। হাতির পাল এখনো ওই এলাকায় অবস্থান করছে বলে জানা যায়।চরতি ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস জানান, গত ৭ ফেব্রুয়ারি হাতির আক্রমণে তালগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরু মারা যান। ১৫ দিন ধরে চরতির লোকালয়ে হাতির পালের বিচরণ দেখা যাচ্ছে।