সাতকানিয়ায় ১৬ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্র ও ইয়াবা বড়িসহ ১৬ মামলার আসামি ছরওয়ার কামাল ওরফে পাগলা ছরুকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারটিই হত্যা মামলা। গতকাল শনিবার ভোরে পৌরসভার রোজমারপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ছরওয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়ি থেকে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করে। এলাকায় শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত তিনি। তাঁর বাড়ি রোজমারপাড়া গ্রামের কাট্টলবাড়ি এলাকায়।
পুলিশ জানায়, ছরওয়ার কামালের বিরুদ্ধে চারটি হত্যা, পাঁচটি ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া থানায় ১৬টি মামলা আছে। গ্রেপ্তার এড়াতে ও মামলা থেকে বাঁচতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কিছুদিন ধরে সখ্য গড়ে তোলার চেষ্টা করছিলেন তিনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, আগের ১৬ মামলা ছাড়াও ছরওয়ার কামালের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও তিনটি মামলা করা হবে।