চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় ৪৬ হাজার গ্রাহকের মধ্যে ২০ হাজার গ্রাহক গতকাল শনিবার পর্যন্ত বিদ্যুৎ পায়নি। ইউনিয়নগুলোতে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
গত মঙ্গলবার থেকে বিদ্যুৎবিহীন থাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছেন। ওই দিন সকালে ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এরপর সদরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু হলেও গ্রামের গ্রাহকেরা বিদ্যুৎ পাননি।
উপজেলার বাজালিয়া ইউনিয়নের পূর্ব বাজালিয়া গ্রামের বাকর আলী বিল এলাকার বাসিন্দা স্কুলশিক্ষিকা অনিমা রাণী বড়ুয়া বলেন, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস সবকিছুই নষ্ট হয়ে গেছে। স্থানীয় লোকজন বিদ্যুৎ-সংযোগ চালুর জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে যোগাযোগ করেও কোনো ফল পাচ্ছেন না।
সাতকানিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে ৩৪টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। হেলে পড়েছে প্রায় দেড় শতাধিক খুঁটি। গাছ পড়ে অর্ধশতাধিক ট্রান্সফরমার নষ্ট ও প্রায় ১ হাজার ২০০টি স্থানে তার ছিঁড়ে গেছে। অসংখ্য গ্রাহকের মিটারও নষ্ট হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ সাতকানিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আকমল হোসেন প্রথম আলোকে বলেন, এখনো ঘূর্ণিঝড় মোরার আঘাতে সাতকানিয়ায় বিদ্যুৎ সরবরাহ লাইন প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রায় ২০ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎ পাননি। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে পুরো উপজেলায় বিদ্যুৎ-সংযোগ চালু করা সম্ভব হবে।