সাতকানিয়ায় 'বন্দুকযুদ্ধে' জামায়াত কর্মী গুলিবিদ্ধ
চট্টগ্রামের সাতকানিয়ায় গত শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. কামাল উদ্দিন (৩৪) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের কাজীর মসজিদ-সংলগ্ন স্লুইসগেট এলাকার পাহাড়ের পাশে জামায়াত-শিবিরের একদল কর্মী গোপন বৈঠকে বসেছেন, এ খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় কামাল গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা পাহাড়ের দিকে পালিয়ে যান। পরে পুলিশ কামালকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ছয়টি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
কামালের ছোট ভাই মো. নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর বড় ভাইকে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকা থেকে ধরে এনে পায়ে গুলি করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক প্রথম আলোকে জানান, কামাল উদ্দিন জামায়াতের কর্মী।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের এসআই নাজমুল ও তারেক সামান্য আহত হয়েছেন।
সাতকানিয়া সাকে৴লের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা বলেন, কামাল জামায়াতের সশস্ত্র ক্যাডার। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছে।