সাতকানিয়ায় 'বন্দুকযুদ্ধে' দুই শিবির কর্মীসহ তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আজ বুধবার সকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তাঁরা দুজনই শিবিরের চিহ্নিত ক্যাডার। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।

গুলিবিদ্ধ শিবিরের দুই কর্মী হলেন মোহাম্মদ রফিক (২৫) ও মো. জসিমুদ্দিন (২৭)। রফিকের বাবার নাম আবু সৈয়দ। বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর গ্রামে। জসিমুদ্দিনের বাবার নাম ফজল কবির। বাড়ি একই উপজেলা ও ইউনিয়নের ফজুরপাড়া গ্রামে।

আহত পুলিশের সদস্যরা হলেন কনস্টেবল হুমায়ন কবির, শাহরিয়া বাবু ও আনসার সদস্য মো. মজনু রহমান। তাঁদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।

পুলিশের দাবি, শিবিরের একটি দল সাতকানিয়ায় উপজেলার দোস্তিদারহাটের উত্তর দিকের একটি সেতুর পাশে জড়ো হয়েছেন বলে তারা জানতে পারে। খবর পেয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে সাদা পোশাকে পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তারের জন্য সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের কর্মীরা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে রফিক ও জসিমুদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁদের কাছ থেকে একটি এলজি, একটি দেশি বন্দুক, আটটি সিসাগুলি ও কয়েকটি রামদা উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধ রফিক ও জসিমুদ্দিনকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মে. ইসহাক দাবি করেছেন, গুলিবিদ্ধ দুজন তাঁদের সমর্থক।

সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়ার ভাষ্য, রফিক ও জসিমুদ্দিন শিবিরের চিহ্নিত ক্যাডার। দুজনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় চারটি হত্যা মামলাসহ ২৭টি মামলা রয়েছে।