সাতকানিয়ায় 'বন্দুকযুদ্ধে' শিবির কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধুপিপাড়ায় গতকাল শনিবার পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের ‘বন্দুকযুদ্ধের’ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিবিরের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আটক হয়েছেন দুজন। পুলিশ বলছে, আসামি ধরতে গিয়ে শিবিরের সঙ্গে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেনের ভাষ্যমতে, বিভিন্ন মামলার আসামিদের ধরতে গতকাল ভোরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ধুপিপাড়া পুকুরপাড় এলাকায় অভিযান চালায় থানার পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থান করা শিবিরের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষে প্রায় ৭০টি গুলিবিনিময় হয়। এতে শিবিরের সন্ত্রাসী মো. নাছির ওরফে কল্লা নাছিরসহ (৩৮) পুলিশের তিন কর্মকর্তা আহত হন। পুলিশের আহত কর্মকর্তারা হলেন সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক, মো. ফজলুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসারুল হক। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি দেশীয় বন্দুক, দুটি রামদা ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক করা হয় নাছিরের সহযোগী শাহাদাত হোসেন ওরফে রিমনকে (২২)।
আহত শিবিরের কর্মী নাছিরকে উপস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ পায়ে একটি গুলি লেগেছে। তিনি উপজেলার মাদার্শা ইউনিয়নের পাহাড়তলী আলিনগরের কবির আহমদের ছেলে। একই এলাকার গোলাম মোস্তফার ছেলে শাহাদাত।
উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ ইমরানের মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, নাছিরের বিরুদ্ধে পুলিশ হত্যার চেষ্টাসহ থানায় তিনটি মামলা রয়েছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী তিনি।