সাতকানিয়ায় 'বন্দুকযুদ্ধে' হত্যাসহ ২৫ মামলার আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২৫ মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল বশর ওরফে বদাইয়া (৪০)। গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে ‘অস্ত্র উদ্ধার অভিযানে’ যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, আবুল বশর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এলাকায় তিনি জামায়াতের ‘ক্যাডার’ হিসেবে পরিচিত। তাঁর বাড়ি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা গ্রামে। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থলে দুটি একনলা বন্দুক, একটি এলজি ও তিনটি কার্তুজ পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে বলেন, এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন এসআই ও একজন কনস্টেবলের গায়ে ছররা গুলি লেগেছে। সবাই সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল সকাল ১০টায় কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকায় আবুল বশরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। বাড়ির লোকজন কোথায় গেছেন, এ নিয়ে প্রতিবেশীরা কথা বলতে রাজি হননি।
পুলিশের ভাষ্য, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজীগাঁও গ্রামের একটি বাড়ি থেকে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ভোর পাঁচটার দিকে আবুল বশরকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার ছনখোলা গ্রামের চার টেইঙ্গা বটতল এলাকায় পাহাড়ের পাশে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আবুল বশরও ছিলেন। সেখানে যাওয়ার পর তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের হেফাজত থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবুল বশর তাঁর সহযোগী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির আবুল ফয়েজ গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আবুল বশর জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। মামলার কারণে দীর্ঘদিন এলাকায় ছিলেন না। যে এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করছে, সে এলাকায় পাল্টাপাল্টি গুলির কোনো ঘটনা ঘটেনি বলে তিনি শুনেছেন।
সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবুল বশর। ১৯৯৮ সালে নুরুল কবীরকে হত্যা করা হয়। তাঁর চাচাতো ভাই আবু ছালেহ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আমিলাইশ, চরতি, এওচিয়া, কাঞ্চনা ইউনিয়নসহ পশ্চিম সাতকানিয়ায় গত দুই যুগে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর বেশির ভাগের সঙ্গে আবুল বশর জড়িত ছিলেন।
আবুল বশরের বিরুদ্ধে থানায় যে ২৫টি মামলা হয়েছে, এর সাতটিই হত্যা মামলা বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ বশরকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।