চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের কর্মী মো. জামাল উদ্দিন নিহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে এক জামায়াত-সমর্থকের দোকানের মালামালে আগুন দিয়েছে আওয়ামী লীগের কর্মী ও বিক্ষুব্ধ লোকজন।
এদিকে এ ঘটনার পর থেকে গতকাল শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতকানিয়া-বাঁশখালী সড়কে যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পুলিশ নিহত জামালের লাশ নিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কর্মী ও এলাকার বিক্ষুব্ধ লোকজন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে জামায়াত-সমর্থক ফোরক আহমদের বেকারি দোকানের তালা ভেঙে মালামাল ও আসবাবপত্র বের করে সড়কের ওপর এনে আগুন ধরিয়ে দেয়। এরপর সাতকানিয়া-বাঁশখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফোরক কারাগারে আটক জামায়াত ক্যাডার কামাল উদ্দিনের ভাই।
স্থানীয় সূত্র জানায়, দোকানের পুড়ে যাওয়া মালামাল সড়কের ওপর পড়ে আছে। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের অনেক চালক আতঙ্কে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এসব কারণে শুক্রবার রাতে বেকারির মালামালে আগুন দেওয়ার পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (গতকাল সন্ধ্যা সাতটা) ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি জানান, জামাল হত্যার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
গত শুক্রবার রাতে ফুলতলা বাজারে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের কর্মী মো. জামাল উদ্দিন (৩২) নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ শিবিরকে দায়ী করে আসছে। তবে শিবিরের দাবি, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।