সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার কুষ্টিয়ায় দুজন ও গোপালগঞ্জে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: মেহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের বারখাদা এলাকায় বাস উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হয় সাজিদ (১২) নামের এক শিশু। হাসপাতালে নেওয়ার পর আহত সাইকেল আরোহী মজনুর রহমানের (৩৮) মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় বাসের অন্তত ৩০ জন যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে সকাল সাড়ে আটটা থেকে দুই ঘণ্টা কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে রাখে।গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রানা সিকদার (১৬)। আহত চালক শামীম হাওলাদারকে (৩৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম রানার মামা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে একটি রডবাহী ট্রাকের চাকা ফেটে যায়। শুক্রবার সকাল ছয়টার দিকে ঢাকাগামী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আঠারমাইল-পাইকগাছা সড়কে উপজেলার তেঁতুলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আঠারমাইল থেকে মোটরসাইকেল চালিয়ে তালায় আসছিলেন ইলিয়াস মিয়া। তেঁতুলিয়া বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইলিয়াস মিয়া জখম হন। স্থানীয়রা তাঁকে তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।