সাতক্ষীরা ও কলারোয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়
সাতক্ষীরার দুটি পৌরসভার ৪০টি ভোটকেন্দ্রই ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকা দুটির ভোটাররা।
সাতক্ষীরা পুলিশ সুপারের দপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌরসভায় ৩১টি ভোটকেন্দ্র। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ১৪টি ও গুরুত্বপূর্ণ ১৭টি কেন্দ্র। কলারোয়া পৌরসভার ৯টি ভোটকেন্দ্র। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ পাঁচটি ও গুরুত্বপূর্ণ চারটি। পুলিশ, বিজিবি, র্যা ব, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ছয় স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার ভোটার জিয়াউল হক, নারায়ণ বিশ্বাস, দিলীপ বিশ্বাস, আবদুল হামিদ, আরিফ হোসেনসহ ১১ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ভোট দিতে পারবেন কি না তা নিয়ে তাঁদের সংশয় রয়েছে।
তবে হামিদা বানু নামের এক ভোটার বলেন, সরকার ভাবমূর্তি ঠিক রাখতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব রকম ব্যবস্থা নেবে।
সাতক্ষীরা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা এ এস এম এহতেশামূল হক বলেন, তিনি পৌরসভার ৩১টি কেন্দ্রের কোনোটি ঝুঁকিপূর্ণ মনে করছেন না। তারপরও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে।
কলারোয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আলী আহমেদ বলেন, তাঁর নির্বাচনী এলাকার নয়টি কেন্দ্রের মধ্যে তিন-চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, সাতক্ষীরা ও কলারোয়ার ৪০টি কেন্দ্রের সব কটি গুরুত্বপূর্ণ। সব কটি কেন্দ্রের জন্য একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ, বিজিবি, র্যা ব, আনসার ছাড়াও নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একাধিক দল থাকবে। সব মিলিয়ে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে।
সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের শাহাদাৎ হোসেন, বিএনপির তাজকিন আহমেদ, জাতীয় পার্টির (এরশাদ) শেখ আজাহার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে কলারোয়া পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন ও কাউন্সিলর পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আমিনুল ইসলাম লাল্টু, বিএনপির আক্তারুল ইসলাম, জাতীয় পার্টির মুনছুর আলী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আরাফাত হোসেন।