সাতক্ষীরা ও কুষ্টিয়ায় এক গৃহবধূ, দুই চাষিকে হত্যা
সাতক্ষীরা ও কুষ্টিয়ায় এক গৃহবধূ ও দুই চাষিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:সাতক্ষীরা: পরকীয়ায় আপত্তি ও যৌতুক না দেওয়ায় নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল আটটায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরে একটি ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। মৃত বধূর নাম ফাতেমা খাতুন (২৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আলিমুল ইসলামের স্ত্রী।জেলার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের মোবারক আলী জানান, তাঁর মেয়ের সঙ্গে চার বছর আগে মাহমুদপুর গ্রামের আলিমুল ইসলামের বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, জামাতা আলিমুলের সঙ্গে এলাকার এক মেয়ের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। ফাতেমা এতে আপত্তি করায় জামাতা, শাশুড়ি ও ভাবি মিলে তাঁর (ফাতেমা) ওপর নির্যাতন চালাতেন। এ ছাড়া ফাতেমার কাছে যৌতুকের দাবি করা হতো। শনিবার রাতে আলিমুল তাঁর মা ও ভাবি মিলে নির্যাতন চালিয়ে ফাতেমার গলায় কাপড় জড়িয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন।স্বামী আলিমুল ইসলাম দাবি করেন, তাঁরা কেউ ফাতেমাকে মারপিট করতেন না। শনিবার রাতে মারপিট করে হত্যার প্রশ্নই আসে না। তবে রাতে তাঁর সঙ্গে স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে বচসা হয়। এ জন্য অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন।এদিকে সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুর গ্রামে আবদুর রশিদ সরদার (৩২) নামে এক চিংড়িচাষিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার পুলিশ বেনেরপোতা এলাকায় একটি ঘের থেকে তাঁর লাশ উদ্ধার করে।কুষ্টিয়া: মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের আজিজুল হক (৪০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ব্যাপারে মিরপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে হালসা বাজার থেকে আজিজুল বাড়ি ফিরছিলেন। ভেদামারি কারিকরপাড়া এলাকায় ৮-১০ জন সন্ত্রাসী পথ রোধ করে তাঁকে পেটায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে পার্শ্ববর্তী ভেদামারি মাঠে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়ার পথে আজিজুল মারা যান।মিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আজিজুলের মা বাছিরন নেছা বাদী হয়ে পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।