সাতক্ষীরা ও গোপালগঞ্জে বোরোর বীজতলা নষ্ট
তীব্র শীত আর ঘন কুয়াশায় সাতক্ষীরা ও গোপালগঞ্জে বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ায় কৃষকেরা হতাশায় পড়েছেন। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা খামারবাড়ি সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর ৭১ হাজার ৭২৯ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, তালা উপজেলার কুমিরা, তেঁতুলিয়া, তালা সদর, জালালপুর, ঝাউডাঙ্গা, বল্লী, লাবসা ও কলারোয়া উপজেলার যুগীখালি, জয়নগর ও দিয়াড়া ইউনিয়নের অধিকাংশ জমিতে জলাবদ্ধতার কারণে আমন আবাদ হয়নি। এসব এলাকায় মানুষ সেচের মাধ্যমে পানি নিষ্কাশন করে বোরো চাষের উদ্যোগ নিয়েছেন। চাষের জন্য আগাম বীজতলাও তৈরি করেছেন। কিন্তু তীব্র শীতে অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে। ইসলামকাঠি গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, তিনি দুই কাঠা জমিতে ১৫ দিন আগে ১০ কেজি ধান ফেলেছেন। তা থেকে চারা হলেও ঠান্ডার কারণে তা মারা যাচ্ছে। সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, তিনি এক বিঘা জমিতে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু সপ্তাহ খানেক আগে শৈত্যপ্রবাহে তাঁর বীজতলার অধিকাংশ চারা মারা গেছে। এখন আবার নতুন করে বীজতলা তৈরি করতে হবে। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জলাবদ্ধতার কারণে তাঁদের উপজেলার অনেক জমিতে আমন হয়নি। লোকসান পুষিয়ে নিতে জলাবদ্ধ জমি সেচে বোরো চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা খামারবাড়ির উদ্ভিদ বিশেষজ্ঞ জি এম আবদুর গফুর জানান, শৈত্যপ্রবাহে বীজতলা নষ্ট হয়েছে। তবে কী পরিমাণ বীজতলা নষ্ট হয়েছে তা এখনো নির্ধারণ করা যায়নি। তিনি দাবি করেন, বীজতলা নষ্ট হওয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু বোরোর লক্ষ্যমাত্রা অর্জনে অসুবিধা হওয়ার কথা নয়।এদিকে চলতি মৌসুমে গোপালগঞ্জে ৭২ হাজার ৬৩৬ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ পর্যন্ত আবাদ হয়েছে ১৫ হাজার ৩২০ হেক্টরে। কিন্তু সম্প্রতি শৈত্যপ্রবাহে শতকরা ১০ ভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে।সদর উপজেলার গোবরা লঞ্চঘাট এলাকার কৃষক হাসান শেখ বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় আমার তিন বিঘা জমির বীজতলার অধিকাংশ চারা মরে গেছে। জমিতে লাগানোর জন্য ৪০০ টাকা পোন দরে চারা কিনতে হচ্ছে।কাশিয়ানী উপজেলার সাতপাড় গ্রামের কৃষক সুভাষ বিশ্বাস, তরুণ বিশ্বাস ও উত্তম কুমার দাস জানান, শৈত্যপ্রবাহে আমাদের বীজতলার অনেক চারা নষ্ট হয়ে গেছে। চারা পাওয়া যাচ্ছে না। এতে অনেক জমিতে বোরো আবাদ করা সম্ভব হবে না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ রেজাউল ইসলাম চৌধুরী বলেন, জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫০০ হেক্টর কম জমিতে বীজতলা হয়েছে। তার পরও কোল্ড ইনজুরিতে জেলার শতকরা ১০ ভাগ বীজতলা শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার হেক্টর বেশি জমিতে গমের আবাদ করেছেন। এতে জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।