সাতক্ষীরা ও নোয়াখালীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বাশার ওরফে বাশার মেম্বার (৩৫) গত শুক্রবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। একই রাতে সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসলাম মোড়ল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন৷ তিনি ‘ডাকাত সরদার’ ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷
বেগমগঞ্জ থানার সূত্র জানায়, নিহত বাশার বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নের দক্ষিণ অভিরামপুর গ্রামের বাসিন্দা৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের ভাষ্যমতে, ‘চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার একটি বাসা থেকে বাশারকে আটক করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাঁকে থানায় আনা হয়৷ বাশারের স্বীকারোক্তি অনুযায়ী রাত পৌনে দুইটার দিকে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার ছয়ানী-চন্দ্রগঞ্জ সড়কের জুবিরখালী সেতু এলাকায় যায় পুলিশ৷ ঘটনাস্থলে যাওয়ামাত্র দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান বাশারের সহযোগীরা। পুলিশও শটগান থেকে ১০টি গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে বাশার পালানোর চেষ্টা করলে সহযোগীদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। কিছুক্ষণ পর বাশারের সহযোগীরা পিছু হটলে পুলিশ বাশারকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি মোস্তাফিজুর রহমান দাবি করেন, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তিন সদস্য আহত হন৷ তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি জানান, বেগমগঞ্জ থানায় বাশারের বিরুদ্ধে ছয়টি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা আছে৷
এদিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্যমতে, শুক্রবার ভোর পৌনে চারটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের ছয়ঘরিয়ায় একদল ডাকাত যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ এ সময় ১৬ থেকে ১৭ জনের ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে প্রথমে বোমা ফাটায় ও পরে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, তিনি অান্তজেলা ডাকাত দলের সর্দার ইসলাম মোড়ল।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত ইয়াকুব মোড়লের ছেলে।
ইসলাম মোড়লের ভাগনে আশরাফুল হোসেন জানান, তিনি স্বজনদের কাছে শুনেছেন, তাঁর মামাকে বৃহস্পতিবার রাতে পুলিশ ধরে নিয়ে যায়। শুক্রবার সকালে জানতে পারেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মামা মারা গেছেন।
ওসি ইনামুল হক জানান, ইসলাম মোড়লের বিরুদ্ধে সাতক্ষীরা ও কলারোয়া থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে।