সাতক্ষীরা ও ফরিদপুরে গৃহবধূ খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় দুই সন্তানের জননী ফতেমা খাতুনকে (৩০) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১১টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার বেজোরাটি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত ফতেমার স্বামী রবিউল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে। এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া (২০) ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই মাস আগে তানিয়ার সঙ্গে বোয়ালমারী পৌর এলাকার আমগ্রামের সালাম মুন্সির ছেলে জব্বার মুন্সির (২৫) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর এখনো তানিয়াকে তুলে নেওয়া হয়নি। জব্বার সেনাবাহিনীতে চাকরি করেন। গত সোমবার তিনি ছুটিতে শ্বশুরবাড়িতে আসেন।আলমগীর হোসেন বলেন, ‘গতকাল বুধবার সকালে মেয়ে ও জামাতাকে বাড়িতে রেখে আমার স্ত্রীর চিকিৎসার জন্য উপজেলা সদরে যাই। বেলা আড়াইটার দিকে বাড়ি ফিরে তানিয়াকে ঘরের একটি কক্ষের খাটের ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃত দেখতে পাই। জব্বারকে খুঁজে পাওয়া যায়নি।’আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল রাতে একটি হত্যা মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, সেনাসদস্য জব্বার মুন্সি তানিয়াকে হত্যা করে পালিয়েছেন।নিহত ফতেমার মামা কালীগঞ্জ উপজেলার মাঘুরালী গ্রামের পিয়ার আলী বিশ্বাস জানান, ৮-১০ বছর আগে দেবহাটার নওয়াপাড়া গ্রামের তাঁর ভাগনি ফতেমা খাতুনের সঙ্গে একই উপজেলার বেজোরাটি গ্রামের রবিউল ইসলামের বিয়ে হয়। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের এক গৃহবধূর সঙ্গে রবিউলের পরকীয়া চলে আসছিল। প্রতিবাদ করায় ফতেমাকে মারধর করে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতে একই ঘটনা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ও তার পরিবারের সদস্যরা ফতেমাকে এলোপাতাড়ি পিটিয়ে ও পরে শ্বাসরোধে হত্যা করে। দেবহাটা থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক তারক চন্দ্র বিশ্বাস জানান, গতকাল সকালে গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পিয়ার আলী বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্বামী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কালীগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামের কলিমউদ্দিন গাজীকে (৪২) আটক করা হয়েছে।