সাতক্ষীরা ও ফরিদপুরে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হালিম মৃধা (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রামনগর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। হালিম পাশের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের মৃত মোহন মৃধার ছেলে। একই দিন সকালে সাতক্ষীরার তালা উপজেলা থেকে অজ্ঞাতানামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রামনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল খালেক জানান, সকাল সাড়ে আটটার দিকে এলাকাবাসী গ্রামের মালেক মিয়ার বাড়ির পাশের আমগাছে হালিমের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নগরকান্দা থানার ওসি এম এ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ধুলান্ডা গ্রামের বাসিন্দারা জানান, সকালে ওই গ্রামের খাসখালে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তালা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাশ বলেন, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।