সাতক্ষীরা ও ফরিদপুরে ১৬৪টি কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামে প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র চত্বর থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামে প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র চত্বর থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুটি স্থানে ১৬৪ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে এক্সিম ব্যাংকের এবং ফরিদপুরে ঢাকা ব্যাংকের আর্থিক সহযোগিতায় এসব কম্বল দেওয়া হয়। কম্বলগুলো বিতরণে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা।
শ্যামনগর উপজেলার সিংহড়তলীতে প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র চত্বরে জেলেপাড়া, মথুরাপুর, সিংহড়তলী ও চুনকুড়ি গ্রামের ৯৫ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন আশ্রয়কেন্দ্রের জমিদাতা কাসেম গাজী ও বন্ধুসভার সদস্যরা। এর আগে বুধবার ওই এলাকায় গিয়ে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি এস এম হাবিবুল হাসান, সাধারণ সম্পাদক জাহিদা জাহান মৌ ও যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন তালিকা তৈরি করেন। পরে শ্যামনগর সদরের হায়বাতপুর এলাকায় আরও পাঁচজনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি করুনা রানী মণ্ডল ও মুন্সিগঞ্জ ইউপি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা সাঈদ।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপি জেলেপাড়ার ঘেন্না দাসী (৭৫) কম্বল হাতে পেয়ে বলেন, ‘ঠান্ডায় খুব কষ্ট পাচ্চিলাম। তোমাগের কম্বল পাইয়ে ঠান্ডা থেকে বাঁচতে পারবুনে।’
ফরিদপুর শহরের ঝিলটুলী, নিলটুলী, আলীপুর, হাবেলী গোপালপুর, ভাজনডাঙ্গা, হাড়োকান্দি, কমলাপুর, বিন্দুপাড়া, গোয়ালচামট, লক্ষ্মীপুর, রেলবস্তি ও টেপাখোলা মহল্লার ৬৪ জন দুস্থ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ এবং ফুলকির সভাপতি অঞ্জলি বালা। কম্বল বিতরণ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কম্বল পেয়ে নিলটুলী মহল্লার নয়ন মোল্লা বলেন, ‘এবার শীতে অনেক কষ্ট পাইছি। এ কম্বল পেয়ে এবার আমি শান্তিতে ঘুমাতে পারব।’