সাতক্ষীরা ও বরগুনায় ঝড়ে ১২০০ ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গতকাল মঙ্গলবার সকালের ঝড়ে সহস্রাধিক ঘর বিধ্বস্ত হয়েছে৷ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন৷ অনেক গাছ উপড়ে গেছে৷
একই সময় বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ওপর দিয়েও ঝড় বয়ে গেছে৷ এতে দুই উপজেলার প্রায় ২০০ কাঁচা ঘর বিধ্বস্ত হয়৷ বিদ্যুতের খুঁটির ওপর গাছ পড়ায় দুই উপজেলায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে৷
বরগুনা সদর উপজেলার রোড়পাড়া গ্রামে গতকাল সকালে আলতাফ হোসেন (৪৫) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন৷
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাসেম মোড়ল ও রমজাননগর ইউপির চেয়ারম্যান আকবর আলী বলেন, গতকাল ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে মুন্সিগঞ্জ ইউপির হরিনগর, মীরগাঙ, হেতালখালী, যতীন্দ্রনগর চুনকুড়ি, ঈশ্বরীপুর ইউপির ধুমঘাট, কেওড়তলী, রমজাননগর ইউপির কালিঞ্চি ভেটখালী, ছোট ভেটখালী, টেংরাখালী, পার্শ্বেমারী ও কৈখালী ইউপির জয়াখালী, পূর্ব কৈখালী ও পশ্চিম কৈখালীসহ ২৩টি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়৷ এটি দুই-তিন মিনিট স্থায়ী ছিল৷ এতে কমপক্ষে এক হাজার বসতঘর ও চিংড়িঘের পাহারার টংঘর বিধ্বস্ত হয়৷ হাজারের বেশি গাছ উপড়ে পড়ে৷ ঘর ও গাছের নিচে পড়ে ১৫ জন আহত হন৷ তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে৷
শ্যামনগরের চুনকুড়ি গ্রামের ইয়াকুব মোল্যা বলেন, ঝড়ে তাঁরসহ অনেকের ঘর উড়ে গেছে৷ যতীন্দ্রনগর গ্রামের রেশমা পারভিন, বড় ভেটখালী গ্রামের আবদুল মাজেদ জানান, মুহূর্তের ঝড় তাঁদের নিঃস্ব করে দিয়েছে৷
শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী জালালউদ্দিন জানান, উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর, ঈশ্বরীপুর ও কৈখালী—এই চারটি ইউনিয়নে ঝড় আঘাত হেনেছে। এতে ২৩টি গ্রামের হাজারের েবশি ঘর ও চিংড়িঘের পাহারা দেওয়ার চৌকিঘর ক্ষতিগ্রস্ত হয়৷
কলাপাড়া আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঝড় শুরু হয়৷ এটি চার মিনিট স্থায়ী ছিল৷ ঝড়ের সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল প্রায় ৩০ কিলোমিটার৷
আমতলী উপজেলার কুকুয়া ইউপি চেয়ারম্যান কায়েসুর রহমান বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নে কমপক্ষে ২০টি ঘর বিধ্বস্ত এবং ১০টি পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অসংখ্য গাছপালা উপড়ে গেছে৷
তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউপির চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারী বলেন, তাঁর ইউনিয়নে ঝড়ের সময় ১৫টি কাঁচা ঘর বিধ্বস্ত এবং অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়৷ বহু গাছপালা উপড়ে সড়কের ওপর পড়েছে৷ এতে অনেক স্থানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷