সাতক্ষীরা ও বরিশালে তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর গ্রামের একটি পাটখেত থেকে গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন বরিশাল নগরের দুটি বাসা থেকে এক গৃহবধূ ও এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন বরিশাল নগরের কাউনিয়া ক্লাব রোডের তুষার ভবনের বাসিন্দা অমল দত্তের স্ত্রী দোলা দত্ত (২৫) ও ব্রজমোহন (বিএম) স্কুল সড়কের সুলতান হোসেনের ছেলে মঞ্জুর মোর্শেদ (১৮) এবং তালা উপজেলার বলরামপুর গ্রামের কৃষিশ্রমিক শরীফুল মোড়লের ছেলে জাহিদ মোড়ল। মঞ্জুর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। জাহিদ স্থানীয় ইসলামকাটি পার্বতীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
নিহতের মা তাসলিমা খাতুন কাঁদতে কাঁদতে জানান, জাহিদ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকাল নয়টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মনির উদ্দিন মোড়লের পাটখেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে।
বরিশালের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, গতকাল সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে দোলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাঁর এক সন্তান রয়েছে। তিনি স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অন্যদিকে বেলা দুইটার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মঞ্জুর। দুটি ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।