সাতক্ষীরা ও বরিশালে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থল চিংড়িঘেরে বসে তালের শাঁস ছাড়াচ্ছিলেন আবদুল মান্নান (২৩)। এলাকার সাজু হোসেন (২৭) ঘটনাস্থলে গিয়ে তা চান। দিতে দেরি হওয়ায় গলা কেটে মান্নানকে হত্যা করেন সাজু। এ ঘটনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার। বরিশাল শহরেও এ ধরনের তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
কলারোয়ায় নিহত আবদুল মান্নানের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামে। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুর এলাকার একটি চিংড়িঘেরের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কর্মস্থল চিংড়িঘেরের একটি বাসায় থাকতেন মান্নান। গতকাল সোমবার দুপুরে বাসার বাইরে বসে তিনি তালের শাঁস ছাড়াচ্ছিলেন। এ সময় একই গ্রামের শের আলীর ছেলে সাজু হোসেন সেখানে গিয়ে তালের শাঁস চান। দিতে দেরি হলে হঠাৎ তিনি দা দিয়ে মান্নানের মাথায় কোপাতে থাকেন। একপর্যায়ে কুপিয়ে তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।
কলারোয়া খোর্দ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তানভীর হোসেন বলেন, ঘটনার পর সাজুকে ঘেরাও করে ফেলে স্থানীয় লোকজন। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাজুকে আটক করেন। কিন্তু আটক হওয়ার আগে সাজু দা ও লাঠি দিয়ে পুলিশ সদস্যসহ উপস্থিত লোকজনকে আঘাত করতে শুরু করেন। এতে তিনি, ক্যাম্পের কনস্টেবল কমলেশ সানা, অহিদুল ইসলাম ও স্থানীয় জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য জয়দেব সানা আহত হন। সাজু একজন মাদকসেবী বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু বলেছেন, তালের শাঁস দিতে দেরি করায় রাগান্বিত হয়ে মান্নানকে হত্যা করেছেন তিনি। মান্নানের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ মামলা করেননি।
বরিশালে নিহত ব্যক্তির নাম মো. হারুন-অর-রশীদ গাজী (৫০)। তিনি নগরের সাগরদি এলাকার চান্দুর মার্কেটের দরজির দোকানি ও একই এলাকার বাসিন্দা ছিলেন।
হারুন গাজীর ভাই মো. ছালাম গাজী বলেন, গতকাল সকালে তাঁর মেজো ভাই মো. মনির গাজী বাড়ি থেকে বাইসাইকেলে করে চান্দুর মার্কেটে যাচ্ছিলেন। পথে তাঁর সঙ্গে একই এলাকার হোটেল ব্যবসায়ী মো. সোহাগের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে মনিরকে মারধর করেন সোহাগ ও তাঁর স্বজনেরা। বিষয়টি জানতে পেরে চান্দু মার্কেটে থাকা বড় ভাই হারুন গাজী ঘটনাস্থলে গিয়ে মনিরের ওপর হামলার কারণ জানতে চান। এ সময় তাঁকেও মারধর করা হয়। এ সময় পরোটা ভাজার খুন্তি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত হারুন গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।