সাতক্ষীরা ও বরিশালে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
সাতক্ষীরা ও বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় নিহত ব্যক্তিদের একজন হলেন কওসার আলী (৭০)। তাঁর বাড়ি সদর উপজেলার কুশখালী গ্রামে। অপরজনের নাম নূর ইসলাম (৪০)। তাঁর বাড়ি তালা উপজেলার ঘোনা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে কওসার আলী ভাদড়া এলাকা থেকে সাইকেলে করে তাঁর নিজ বাড়ি কুশখালীতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ভাদড়া গোডাউন মোড়ে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার রাত নয়টার দিকে তালা উপজেলার তালা-পাটকেলঘাটা সড়কের সুজনশাহা বাজার এলাকায় দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নূর ইসলাম গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। শনিবার রাতে পটুয়াখালী-গলাচিপা সড়কের ফকিরবাড়ী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আহত হন সোনিয়া আক্তার (১০), তার বাবা মনির হোসেন (৩৫), মা কুলসুম বেগম (৩০) ও চাচা মো. ইব্রাহিম (৩০)। গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেলিনা।