সাতক্ষীরা ও ভোলায় দেড় লাখ মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদের উপচে পড়া পানি ও টানা তিন দিনের বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলার ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গৃহহীন হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে এক হাজার পরিবার। জেলার ১৮ হাজার চিংড়ির ঘের ও পাঁচ শতাধিক পুকুর ভেসে গেছে। এতে চিংড়িচাষিদের কয়েক কোটি টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ভোলার সাত উপজেলায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই কারণে আমনের বীজতলা ও পাকা আউশ ধানের খেতে পানি জমে গেছে। রোববার সরেজমিনে দেখা গেছে, তালা উপজেলা পরিষদ ভবনের সামনে চার ফুট পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে উপজেলার ১০টি সরকারি কার্যালয় সাময়িকভাবে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তালা-পাইকগাছা সড়কের চার কিলোমিটার পানিতে তলিয়ে যাওয়ায় পাইকগাছার সঙ্গে খুলনা ও যশোরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের নিচতলা চার ফুট পানিতে তলিয়ে রয়েছে। তালা সদরের মহলাপাড়া এলাকায় এক কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অর্ধশতাধিক বাড়িতে পানি ঢুকেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খলিলনগর, তালা সদর, ইসলামকাটি, কুমিরা, জালালপুর ইউনিয়নের ঘোষনগর, গঙ্গারামপুরনলতা, গোনালী, হরিষচন্দ্রকাটি, প্রসাদপুর, কানাইদিয়া, কৃষ্ণকাটি, রথখোলা ও কলাগাছিসহ ৫০ গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। খলিলনগর ইউনিয়নের তিন শতাধিক মানুষ গৃহহীন হয়ে পাঁচটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। খলিলনগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, ‘কপোতাক্ষ নদের উপচে পড়া পানি ও টানা বৃষ্টিতে তাঁর ইউনিয়নের আটটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।’ ইতিমধ্যে পাঁচটি বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জালালপুর ইউনিয়নের ৯৫ ভাগ মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। চর কানাইদিয়া এলাকাসহ ইউনিয়নে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি পড়ে মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অধিকাংশ সড়কের ওপর এক থেকে দুই ফুট পানি জমে রয়েছে। এক হাজার ৫০০ একর আমন ধানের খেত তলিয়ে আছে। ইসলামকাটি ইউনিয়নের ইসলামকাটি সদর, ভবনীপুর, ডেমশাখোলা, ঘোনা, কেশমত ঘোনা, বারাসহ আটটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শতাধিক পরিবার বাড়ি ছেড়ে সড়কে আশ্রয় নিয়েছে। ইউএনও মাহবুবুর রহমান বলেন, পলি জমে থাকায় তালা উপজেলার বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানি কপোতাক্ষ নদ দিয়ে সরতে পারছে না। আশাশুনি উপজেলার পুটেখালী ও খুলনার ডুমুরিয়া উপজেলার কুলবাড়ি স্লুইসগেট বন্ধ থাকায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে। দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা চালানো হচ্ছে। ১৫ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে পাওয়া গেছে।ভোলা সদর উপজেলার রামদাসপুর, গণেশপুর, সুলতানী, ২৭ দাগ বাজার, দক্ষিণ রাজাপুর গ্রাম, মুরাদ সফুল্লাহ, সোনাডুগীর বিল, নাদোর মিয়ার হাট, বিভিন্ন গ্রাম, পাঙ্গাশিয়া, সদুর চর, ভেদুরিয়া, পাতা ভেদুরিয়া, পাকিস্তানের হাট, চর চটকিমারা, চর গাজী, নিউ চর হোসেন, শাজাহান বাজার, মাঝের চর, রামদেবপুর, কাঠির মাথা, কাচিয়া, শাহামাদার ও ভবানীপুর গ্রামের ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দৌলতখান উপজেলার মদনপুর, হাজীপুর, ভবানীপুর, সৈয়দপুর, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া, হাসাননগর, বড় মানিকা, তজুমদ্দিন উপজেলার সোনাপুর, মলংচড়া, চাঁদপুর ইউনিয়ন, মনপুরা উপজেলার বিভিন্ন চরাঞ্চল, কলাতলী, রাম নেওয়াজ, আন্দিরপাড়, লালমোহন উপজেলার ধলীগৌরনগর, লর্ড-হার্ডিঞ্জ ইউনিয়ন, চরফ্যাশন উপজেলার চর মানিকা, চর মাদ্রাজ, কুকরি-মুকরি, ঢালচর ইউনিয়নসহ ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, ‘অস্বাভাবিক জোয়ার আর টানা বর্ষণে তাঁর ইউনিয়নের রাস্তা ডুবে গেছে।’ ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন জানান, অস্বাভাবিক জোয়ারে ফসলের খেত ডুবে যাওয়া চরাঞ্চলের শত শত গবাদিপশু না খেয়ে আছে।