সাতক্ষীরা ও মাগুরায় বজ্রপাতে দুজন নিহত
সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গী গ্রামে গতকাল রোববার বজ্রপাতে মামুন হোসেন (৩৮) নামের এক যুবক ও মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে জামিরুল শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বজ্রপাতে দুজনের বাবা আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে সদর উপজেলার খেজুরডাঙ্গী গ্রামে মামুন ও তাঁর বাবা আবদুল মজিদ বৃষ্টির মধ্যে বাড়ির পাশে নিজেদের ধানখেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। মজিদ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসাআই) মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, বাবুখালী ইউনিয়নের মাধবপুর গ্রামে দুপুর ১২টার দিকে জামিরুল ও তাঁর বাবা নুয়ার শেখ বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ তাঁদের ওপর বজ্রপাত হলে জামিরুল ঘটনাস্থলেই মারা যায় এবং নুয়ার শেখ আহত হন।