সাতক্ষীরা ও মাগুরায় সড়ক দুর্ঘটনা তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও মাগুরায় গত মঙ্গলবার ও গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের বুলু গাইন (৬০), সদর উপজেলার পুষ্পকাটি গ্রামের জাকির হোসেনের ছেলে আল আমিন (১৪) ও মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের নসিরুন্নেছা (৬০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুলু গাইন গত মঙ্গলবার দুপুরের দিকে সাইকেলে করে বাড়ি যাওয়ার পথে পাঁচপোতা গ্রামে একটি ট্রলির ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাঁকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর গতকাল সকাল আটটার দিকে তিনি মারা যান। সদর উপজেলার পুষ্পকাটি গ্রামে গতকাল সকাল আটটার দিকে ইটভর্তি ট্রলিতে ওঠার সময় আল আমিন পড়ে গেলে এর চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়।মাগুরার রামনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. গোলাম সরোয়ার জানান, নসিরুনেচ্ছা মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সাঁইত্রিশ মোড়ে টেম্পো থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে ঢাকামুখী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।