ভারী বর্ষণে সাতক্ষীরা সদরের নিম্নাঞ্চলসহ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১০ হাজার পরিবারের অর্ধ লক্ষাধিক মানুষ। এ ছাড়া ৪০ হাজার একর চিংড়ির ঘের ও ৩২ হাজার একর জমির ফসল ভেসে গেছে।
এদিকে বৃষ্টির পানি জমে বাগেরহাটের মোংলা উপজেলার উত্তর মালগাজী এলাকায় এক মাস ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুই শতাধিক পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে।
এমনিতেই বর্ষা মৌসুমে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত শনি ও রোববারের ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা শহরের ইটাগাছা, খড়িবিলা, মধুমল্লারডেঙ্গী, কামাননগর, বউ বাজার, বদ্দিপুর কলোনি, মধুমল্লারডাঙ্গী, কাটিয়াসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। শহরের ৩৮ বিজিবি ব্যাটালিয়ন প্রধান কার্যালয়, কাস্টমস গুদাম, বেসরকারি সংস্থা ঋশিল্পী, বিসিক শিল্পনগরী, আবদুল রহমান কলেজ চত্বর এলাকা পানি থইথই করছে। একইভাবে সাতক্ষীরা সদরের ফিংড়ি, বল্লি, লাবসা, ব্রহ্মরাজপুর, ঘোনা, ভোমরা ও কুশখালী ইউনিয়নের নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে।
সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের ((ইউপি) চেয়ারম্যান শামছুর রহমান বলেন, এ ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। কয়েকটি কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। চিংড়িঘের ও ফসলি জমি সব একাকার হয়ে গেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।
ব্রহ্মরাজপুর ইউপির চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, এলাকার ডেয়েরবিলসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। রাস্তার ওপর দুই-তিন ফুট পানি। কয়েকটি গ্রামের অধিকাংশ বাড়ির আঙিনায় পানি থইথই করছে। বেতনা নদীর বেড়িবাঁধ কয়েক স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তালা ও আশাশুনি উপজেলার অবস্থা একই রকম। তালা সদরের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, তাঁর এলাকার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। একই অবস্থা জালালপুর, খেসরা ও নগরঘাটা ইউনিয়নেও। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, তাঁর এলাকার কয়েক শ চিংড়িঘের তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সাতক্ষীরার খামারবাড়ীর উপপরিচালক আবদুল মান্নান বলেন, গত দুই দিনের বৃষ্টিতে ৩২ হাজার ৪০০ হেক্টর জমির আমন ও সবজিখেত তলিয়ে রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা রমজান আলী বলেন, ৪০ হাজার ২৪১ একর আয়তনের প্রায় ১৮ হাজার চিংড়িঘের তলিয়ে গেছে।
এদিকে মোংলা বন্দর পৌরসভার জয় বাংলা ও চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী এলাকায় এক মাস ধরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয় বাংলা এলাকা ও চাঁদপাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মালগাজী এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জয় বাংলা খালটি দখল করে রাখায় পানি বের হতে পারছে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, এ এলাকার দুই শতাধিক বাড়ির অধিকাংশেরই রান্নাঘর-উঠান পানিতে তলিয়ে আছে। পুকুর ভেসে সব মাছ বের হয়ে গেছে। গোয়ালঘরে পানি। হাঁস-মুরগি, গবাদিপশু সব রাস্তায়। সড়ক থেকে বাড়িতে যাতায়াতে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে।
জয় বাংলা এলাকার গৃহিণী সুফিয়া বেগম বলেন, এক মাস ধরে বৃষ্টির পানি সরছে না। রবি ও সোমবারের টানা বৃষ্টিতে পানি আরও বেড়েছে। রান্নাঘরে হাঁটুপানি। ঘরের বাইরে বের হলেই পানি। বাচ্চারা স্কুলে যাচ্ছে প্রতিদিন এ পানি ডিঙিয়ে। প্রতিটি পরিবারে সর্দি-জ্বর লেগেই আছে।
একই এলাকার মুদি দোকানি নুরু মিয়া বলেন, ‘এলাকার পানিনিষ্কাশনের একমাত্র ব্যবস্থা হলো জয় বাংলা খাল। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা খালটি দখল করে আছে। ফলে বৃষ্টির পানি সরতে না পেরে পুরো এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয় কাউন্সিলর ও ইউপি সদস্যকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘জয় বাংলা খালসহ উপজেলায় বেশ কিছু খাল ভরাট হয়ে গেছে। স্থানীয় লোকজন বেশ কিছু খাল দখল করে রেখেছে। খাল খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য আবেদন করেছি। বরাদ্দ পেলে খাল খননের সঙ্গে সঙ্গে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করা হবে।’