সাতক্ষীরা ও যশোরে দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। যশোর সদর উপজেলায় যৌতুক দাবি করে না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তালায় খুন হওয়া গৃহবধূর নাম রিক্তা পারভিন (২৫)। রিক্তার বাবা তালা উপজেলার বালিয়া গ্রামের রফিকুল গাজী অভিযোগ করেন, প্রায় ছয় বছর আগে শ্রীমন্তকাটি গ্রামের ইরফান মোড়লের ছেলে মফিজুল ইসলামের সঙ্গে রিক্তার বিয়ে হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মফিজুল তাঁর মেয়ের কাছে নেশা করার জন্য টাকা চান। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় মফিজুল তাঁর মেয়েকে মারধর করে বাইরে চলে যান। গতকাল ভোর সাড়ে চারটার দিকে মফিজুল নেশা করে বাড়ি ফিরে তাঁর মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান।
মফিজুল ইসলাম বলেন, ‘আমরা প্রেম করে বিয়ে করায় শ্বশুর ও শাশুড়ি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন না। তাঁরা আমার কাছ থেকে তাঁদের মেয়েকে ছাড়িয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এ কথা শুনে রিক্তা আমাকে বলেছে, ছাড়িয়ে নেওয়ার আগে আমি যেন তাকে (স্ত্রী) মেরে ফেলে আত্মহত্যা করি। সেই মতো গতকাল ভোরে আমি তাঁকে গলা টিপে হত্যা করে বিষপান করেছিলাম।’
যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের শিপন ঘোষ তাঁর স্ত্রী রিক্তা ঘোষকে (১৯) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ শিপন ঘোষ ও শ্বশুর কৃষ্ণ ঘোষকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রিক্তার সঙ্গে শিপনের ঝগড়া হয়। একপর্যায়ে শিপন তাঁকে বেদম পিটুনি দেন। সকালে রিক্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রিক্তার বাবা মিহির ঘোষ অভিযোগ করেন, যৌতুক দাবি করে না পেয়ে শিপন ঘোষ তাঁর মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন। শিপন ও তাঁর বাবা কৃষ্ণ দাবি করেছেন, রিক্তা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।