সাতক্ষীরা ও রাজবাড়ীতে মাদকবিরোধী শোভাযাত্রা
মাদকমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে গতকাল শনিবার শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। একই দিনে রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভা ও জেলা পুলিশ মাদকবিরোধী শোভাযাত্রা বের করে।
সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে চেতনা সাতক্ষীরা নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে সকাল নয়টায় ওই শোভাযাত্রা শুরু হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় অধ্যাপক এম আর খান এবং সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।
শোভাযাত্রা শেষে সেখানে আলোচনা সভা হয়। এতে ব্যবসায়ী মালিহুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক এম আর খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সহকারী পুলিশ সুপার আনোয়ার সাঈদ প্রমুখ। মাদকবিরোধী শোভাযাত্রায় সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি উচ্চবিদ্যালয়, পিএন স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
রাজবাড়ীতে সকাল ১০টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরের সামনে থেকে মাদকবিরোধী শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো জেলা কারাগারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য মাদকদ্রব্য ধ্বংসের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
বন্ধুসভার সভাপতি প্রদ্যুৎ কুমার দাস বলেন, প্রথম আলো শুরু থেকে মাদক, অ্যাসিড-সন্ত্রাসসহ নানা ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বন্ধুসভার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু হাসান খায়রুল্লাহ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুরসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।
এরপর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।