সাতক্ষীরা ও রাজশাহী থেকে শিবিরের দুই নেতা গ্রেপ্তার
সাতক্ষীরায় সাংবাদিক নেতা হত্যাচেষ্টা মামলায় এবং রাজশাহীতে পুলিশ হত্যা মামলায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও মানবজমিন-এর প্রতিনিধি ইয়ারব হোসেন হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি শিবির নেতা সরুজ আহমেদকে (২৪) গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ দেবনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন শিবিরের সভাপতি।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, সরুজের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যা, আগুন দেওয়া, গাছ কেটে সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা, সাংবাদিক ইয়ারব হোসেনের ওপর হামলাসহ অনেক অভিযোগ রয়েছে।
এদিকে, রাজশাহীতে গ্রেপ্তার করা হয়েছে শিবিরের মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান বিশ্বাসকে। গত মঙ্গলবার রাতে আটক করে গতকাল
বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তবে গতকাল দুপুর পর্যন্ত তাঁকে আটকের কথা স্বীকার করেনি পুলিশ।
নগরের বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান বলেন, পুলিশসদস্য সিদ্ধার্থ হত্যা, নগরের শালবাগানে পুলিশসদস্য জাহাঙ্গীরের ওপর হামলা এবং রাজশাহী কলেজে পুলিশের ওপর হামলার মামলাসহ আনিসুরের নামে বোয়ালিয়া থানাতেই ছয়টি মামলা রয়েছে।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে ুরাত ১১টার দিকে আনিসুরকে গ্রেপ্তার করে পুলিশ।