বিডিআরে বিদ্রোহের ঘটনায় সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের আরও পাঁচ জওয়ান গতকাল সোমবার দোষ স্বীকার করেছেন। এদিন ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিকে, রামগড় ১১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় দোষ স্বীকার করেন অপর পাঁচ জওয়ান। সংশ্লিষ্ট আদালতে দোষ স্বীকার করে জওয়ানেরা ক্ষমা প্রার্থনা করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাতক্ষীরায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ৪১ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে গত রোববার দ্বিতীয় দফায় ১০৫ জওয়ানের বিচারকাজ শুরু হয়। গতকাল দ্বিতীয় দিন বিচারের কার্যক্রম শুরুর আগে অভিযোগপত্রে উল্লিখিত ১০৫ জন আসামিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিশেষ আদালতে আনা হয়। কার্যক্রম শুরু হলে সিপাহি শাহাজাদা, নায়েক চুন্নু গাজী, সুবেদার সৈয়দ শাহাদাত হোসেন, নায়েক সহকারী রেজাউল করিম ও নজরুল ইসলাম দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। প্রথম দিন ২০ জওয়ান নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান।গতকাল এই মামলার বাদী সুবেদার মেজর আবদুস ছাত্তারসহ দশজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মুলতবি ঘোষণা করা হয়।রামগড়ের বিডিআর বিদ্রোহের ঘটনায় গতকাল বিজিবি সেক্টর সদর দপ্তর খাগড়াছড়িতে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে বিচারকাজ শুরু হয়। এ বিদ্রোহের ঘটনায় ৬৯ জওয়ানের মধ্যে পাঁচজন গতকাল দোষ স্বীকার করে ক্ষমা চান।আদালতের কার্যক্রম শুরু হলে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল গাফ্ফার মামলার কৌঁসুলি হিসেবে আদালতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। জওয়ানদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানোর পর ল্যান্স নায়েক (সিগন্যাল) আবু সালেহ্ মো. মুসা, সিপাহি রিয়াজুল ইসলাম, সিপাহি আজিজুল ইসলাম, সিপাহি এস এম মাহমুদুল হাসান ও সিপাহি নূরুদ্দিন খান নিজেদের দোষ স্বীকার করেন।আদালত ‘ফ্রেন্ডস অব দি অ্যাকিউজ’ হিসেবে মেজর শাফাওয়াত উল্লাহ ও আসামি পক্ষের উকিল হিসেবে আবদুর রউফ, বশির আহম্মেদ ও সুপাল চাকমাকে নিয়োগ দেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়ে। আজ সাক্ষ্য গ্রহণ শুরু করার কথা রয়েছে।