সাতক্ষীরা ও সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আজ শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতক্ষীরায় পিকআপ ভ্যান এবং ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:

সাতক্ষীরা:
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পিকআপ ভ্যান এবং ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ইঞ্জিনচালিত ভ্যানের চালক মমরেজ আলী আহত হন। হাসপাতালে নেওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাঁর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কদমদাহ গ্রামে। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মমরেজের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার বক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে। এতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সরাইল:
সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানের চালক মো. সেন্টু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিমপাড়ায়। সরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।