সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় দুই কিলোমিটার সড়ক সংস্কারের কাজ দুই বছরেও শেষ না হওয়ায় চলাচলের ক্ষেত্রে মানুষের ভোগান্তির শেষ নেই।
সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল সেতু থেকে গাংনিয়া পর্যন্ত সাত কিলোমিটার সড়কের কাজের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ১৩ লাখ। মেসার্স তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করার দায়িত্ব পায়। কাজটি শুরু করা হয় ২০১১ সালের জুনে। এক বছরের মধ্যে তা শেষ করার কথা।
সূত্র জানায়, সাত কিলোমিটারের মধ্যে ওই দুই কিলোমিটারের কাজ জরুরি ভিত্তিতে করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়। কিন্তু ঠিকাদার ইটের কাজ (বেজ ওয়ান) করে এক বছরের বেশি সময় ধরে কাজ ফেলে রেখেছেন।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে ওই দুই কিলোমিটার সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ছোট ছোট গাড়ি কাদায় আটকে যাচ্ছে। মানুষের ভোগান্তির শেষ নেই। হরিনগর গ্রামের ছামাদ সরদার জানান, ৮০ কিলোমিটার সড়ক পার হওয়ার পর সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের এ দুই কিলোমিটার সড়ক পার হতে দুর্ভোগের সীমা থাকে না। জামাকাপড় নষ্ট হয়ে যায়।
বাসচালক আবদুর রহমান জানান, এ দুই কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই তাঁদের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।
মেসার্স তাহের ব্রাদার্সে কর্মরত প্রকৌশলী আবদুর রহিম জানান, বরাদ্দের অভাবে কাজ বন্ধ রাখতে হয়। পরে বর্ষার মধ্যে ইটের কাজ করা হয়েছে। কিন্তু পিচ কিংবা অন্যান্য কাজ বৃষ্টির মধ্যে করা যায় না। বৃষ্টি কমলেই কাজ শেষ করা হবে।
সড়ক ও জনপথ বিভাগ (বিভাগ-২) সাতক্ষীরার উপবিভাগীয় প্রকৌশলী আলী নূবায়েন জানান, বরাদ্দ না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অনেক দিন ফেলে রেখেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি। অনেক সময় বৃষ্টির কারণে কাজ করা যায় না। পরে কাজের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁদের বলেছে যে দুই মাসের মধ্যে কাজ শেষ করে দেবে।

সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রি করছেন তিনি
ফরিদপুর অফিস
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের প্রভাবশালী এক ব্যক্তি সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করেছেন। এ ব্যাপারে গত বৃহস্পতিবার বিকেলে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সদর ইউনিয়নের টিলারচর গ্রামের ৩৯ জন বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, টিলারচর গ্রামের বেড়িবাঁধ সড়কের দুই পাশে ১৯৮৫ সাল থেকে সরকারি উদ্যোগে সামাজিক বনায়ন করা হয়। এর মধ্যে বাবলা, জিকা, ডুমুরসহ বিভিন্ন বনজ গাছ রয়েছে। ওই গ্রামের প্রভাবশালী আবদুল মজিদ খান গত ২৫ আগস্ট থেকে প্রতিদিন দু-চারটি করে গাছ কেটে বিক্রি করা শুরু করেন। গত বুধবার পর্যন্ত তিনি মোট ৩৬টি গাছ বিক্রি করেছেন। এর মধ্যে ২৭টি জিকা, পাঁচটি বাবলা ও চারটি ডুমুরগাছ রয়েছে।
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে ইউএনও দিল আফরোজা বেগম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাছ কেটে বিক্রির কথা স্বীকার করে আবদুল মজিদ খান বলেন, ‘গাছগুলো আমাদের পূর্বপুরুষের লাগানো ছিল। নিজেদের মালিকানাধীন গাছ কাটাকে চুরি করা বলে না।’
তবে মজিদের দাবি নাকচ করে দিয়ে বন বিভাগের চরভদ্রাসন রেঞ্জের কর্মকর্তা আবু সেলিম বলেন, ‘কেটে নেওয়া গাছগুলো সামাজিক বনায়ন প্রকল্পের অধীনেই লাগানো হয়েছিল। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউএনও ও বিভাগীয় বন কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’