সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের একাধিক স্থান তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে গতকাল শুক্রবার থেকে এ মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এদিকে সাতক্ষীরার বিভিন্ন স্থানে বন্যার পানি বেড়েই চলেছে।বন্যার পানিতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বেশ কিছু অংশ তলিয়ে যাওয়ায় পাঁচ দিন ধরে এ মহাসড়কে ছোট ছোট যান চলাচল বন্ধ রয়েছে। এ কদিন বাস ও ট্রাক ঝুঁকি নিয়ে চলাচল করলেও গতকাল শুক্রবার থেকে তা-ও বন্ধ করে দেওয়া হয়।সওজের সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রথম আলোকে জানান, সাতক্ষীরা-খুলনা সড়কের ১৮ মাইল এলাকায় ৫০০ মিটার, মির্জাপুর এলাকায় ৫০০ মিটার ও বিনেরপোতা এলাকায় দুই কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার সূত্রগুলো জানায়, বন্যার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার প্রায় ৯৫ শতাংশ চিংড়িঘের ও পুকুর ভেসে গেছে। আমনের বীজতলা, আউশ, হলুদ, পানসহ ৫০ হাজার একর জমির বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে শুরু করায় কাঁচা ঘরবাড়ি একের পর এক ধসে পড়ছে।সাতক্ষীরা শহরের ৪১ বিজিবির সদর দপ্তর, বিসিক শিল্পনগর, বিদ্যুৎ সাব-স্টেশন, সদর উপজেলা পরিষদ, কাস্টমস গুদাম, সুন্দরবন টেক্সটাইল মিলস ও জেলা কারাগার চত্বর তলিয়ে গেছে।