সাতক্ষীরা-খুলনা সরাসরি বাস চলাচল বন্ধ
মিনিবাস-বাস মালিক সমিতির দ্বন্দ্বে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাতক্ষীরা-খুলনা সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন।
সাতক্ষীরা জেলা মিনিবাস-বাস মালিক সমিতি গতকাল সকাল থেকে খুলনায় বাস পাঠানো বন্ধ করে দিয়েছে। মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ জানান, সাতক্ষীরা থেকে কোনো যাত্রীবাহী বাস গেলে খুলনা জেলা মালিক সমিতিকে প্রতিটি বাসের জন্য প্রতিবার ১ হাজার ১৯৫ টাকা চাঁদা দিতে হয়। অথচ খুলনা থেকে যাত্রীবাহী বাস সাতক্ষীরা এলে ৩৯০ টাকা করে চাঁদা দেয়। দীর্ঘদিনের এ বৈষম্য দূর করতে খুলনা সমিতিকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু তারা এর সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে গত শুক্রবার সাতক্ষীরা জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে এক সভা হয়। সেখানে সাতক্ষীরার মালিক সমিতি খুলনার সমিতিকে বাসপ্রতি ৩৯০ টাকা হারে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু খুলনার মালিক সমিতি তা প্রত্যাখ্যান করে। এর প্রতিবাদে সাতক্ষীরার মালিক সমিতি গতকাল সকাল থেকে খুলনায় বাস না পাঠানোর সিদ্ধান্ত নেয়। চাঁদার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এটা চলবে।
সাতক্ষীরা জেলার বাস খুলনা পর্যন্ত না গিয়ে এখন সাতক্ষীরা-খুলনার জিরো পয়েন্টের সুভাসিনী বাজার পর্যন্ত চলাচল করবে। এখান থেকে খুলনা আরও প্রায় ৩৫ কিলোমিটার দূরে। খুলনায় যাওয়ার পথে দুর্ভোগের শিকার জাহিদুল করিম বলেন, খুলনায় যাওয়ার পথে কোনো না কোনো দুর্ভোগ লেগেই থাকে। সুভাসিনী বাজারে নামার পর সেখান থেকে ভ্যানে করে কিছু দূর যেতে হয়। এরপর আবার খুলনার বাসে উঠতে হচ্ছে। এতে খরচ ও সময় দুটোই বেশি লাগছে।
খুলনার মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. মিরাজ উদ্দিন বলেন, সাতক্ষীরা থেকে আসা বাস থেকে ৫৫০ টাকা করে নেওয়া হয়। ১ হাজার ১৯৫ টাকা নেওয়ার বিষয়টি খুলনার মালিক সমিতি জানে না। সাতক্ষীরার মালিক সমিতি তাদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে সরাসরি বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।