সাতক্ষীরা-খুলনা সরাসরি যোগাযোগ চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস পেরিয়ে গেলেও সাতক্ষীরা-খুলনা সরাসরি সড়ক যোগাযোগ এখনো চালু করা সম্ভব হয়নি। একই অবস্থা তালা-পাইকগাছা সড়কের। কবে এসব সড়ক চলাচলের উপযোগী হবে, তা কেউ বলতে পারছে না।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে সাতক্ষীরার-খুলনা মহাসড়কের বেনেরপোত, নওয়াপাড়া, মীর্জাপুর ও আঠারো মাইল এলাকার প্রায় ছয় কিলোমিটার বন্যা ও উজানের পানিতে তলিয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় সাতক্ষীরার সঙ্গে খুলনার সরাসরি যোগাযোগ। একইভাবে তালা থেকে কপিলমুণি পর্যন্ত আট কিলোমিটার স্থান পানিতে তলিয়ে থাকায় খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার সঙ্গে সারা দেশের সড়কপথে যোগাযোগও বন্ধ হয়।সাতক্ষীরা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, তিন মাস ধরে এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বাসশ্রমিকেরা চরম দুরবস্থার মধ্যে পড়েছেন। অর্থসংকটে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বেনেরপোতা এলাকায় পানি কমে গেছে। খোয়া ও বালি ফেলে সড়ক উঁচু করা হয়েছে। ওই স্থান দিয়ে বর্তমানে মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপ চলাচল করছে। নওয়াপাড়া এলাকায় ২০০ থেকে ২৫০ ফুট রাস্তায় এখনো দুই ফুটের ওপর পানি রয়েছে। এ কারণে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এ এলাকায় খোয়া ও বালি ফেলে উঁচু করতে পারলে যোগাযোগ স্থাপন সম্ভব বলে অনেকেই জানিয়েছেন।বাসচালক আবদুল হামিদ ও মাইক্রোবাসের চালক আবদুল আহাদ জানান, সাতক্ষীরা শহর থেকে বাঁকাল পর্যন্ত তিন কিলোমিটার মহাসড়ক এবং ভোমরাবন্দর-সংলগ্ন চার কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। এ সড়কে গাড়ি চলাচলে প্রতিনিয়ত যন্ত্রাংশ নষ্ট হয়।তালা উপজেলা প্রকৌশলী নারায়ণ চন্দ্র সরকার জানান, উপজেলার ১০টি প্রধান সড়ক কমবেশি নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়েছে। এখনো অনেক সড়ক তলিয়ে আছে। যেসব সড়ক থেকে পানি সরে গেছে, ওই সব সড়কে ইটের গুঁড়া ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।সাতক্ষীরার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, বন্যার পানিতে ডুবে থাকায় পিচ, খোয়া ও পাথর উঠে সাতক্ষীরা-খুলনা সড়কের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। তালা-পাইকগাছা সড়ক এখনো তিন ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। সাতক্ষীরা-খুলনা সড়কের মীর্জাপুর থেকে নওয়াপাড়া পর্যন্ত চার কিলোমিটার এলাকায় ১৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ চলছে। বেনেরপোতা এলাকার এক হাজার ৮০০ মিটার সড়ক ও তিনটি কালভার্টের জন্য পাঁচ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।