সাতক্ষীরা, গোপালগঞ্জ ও কুষ্টিয়ায় শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার গোপালগঞ্জ, কুষ্টিয়া ও সাতক্ষীরায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ ছাড়া তিন জেলাতেই ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুকমল সাহা বলেন, বেলা ১১টার দিকে মুকসুদপর উপজেলার ১৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ভোট দিতে যান। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কবির মিয়ার নির্বাচনী এজেন্ট নিজ প্রার্থীর পক্ষে আনারস মার্কায় সিল মারেন। কিন্তু ওই ভোটার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শ্যামল কান্তি বোসের মোটরসাইকেল প্রতীকে ভোট দেবেন বলে জানান। এ নিয়ে দুই প্রার্থীর এজেন্টের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর পৌনে ১২টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

মুকসুদপুরের খলিসাবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের সঙ্গে এক এজেন্টের হাতাহাতির ঘটনায় ভোট গ্রহণ ১০ মিনিট বন্ধ ছিল বলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হোসেন জানিয়েছেন। কলিগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও কাশিয়ানীর হিরন্নকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় ভোট গ্রহণ করা হয়। কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া পৌর এলাকায় মিশন প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশোর্ধ্ব নারী ভোটার সৈয়দা রাহাত আরা খান ভোট দিতে আসেন। তিনি বলেন, ‘সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মনে হয়নি, তাই ভোট দিই নাই। উপজেলা নির্বাচনে সব দলের সমর্থিত প্রার্থী দেখেছি; তাই ভোট দিতে এসেছি।’ সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া সরকারি কলেজ, ৬ নম্বর সরকারি প্রাথমিক ও পূর্ব মজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। পাটিকাবাড়ী ও ঝাউদিয়া গ্রামে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। ভেড়ামারায় দুপুরের পর উৎসবের আমেজে নারী-পুরুষ ভোট দিয়েছেন। সদর উপজেলার পূর্ব মজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন আনিসুজ্জামান নামের এক ভোটার। তিনি বলেন, ‘৫ জানুয়ারি ভোট উৎসবে অংশ নিতে পারি নাই। এবার উৎসাহ-উদ্দীপনায় ভোট দিচ্ছি।’

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন বলেন, দুই উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে লোকজন ভোট দিয়েছেন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আশাশুনি উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৪১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মমতাজ বেগম জানান, উপজেলায় ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।