সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। ইতিমধ্যে এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষের লোকজনের মারধর, সভামঞ্চ ভাঙচুর, হরতাল, পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৮ এপ্রিল শেখ মুজিবুর রহমানকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন আ ফ ম রুহুল হক।গত নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সাংসদ নির্বাচিত হলে শেখ মুজিবুর রহমান যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান; আর স্বাস্থ্যমন্ত্রী হন আ ফ ম রুহুল হক।সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাসের মধ্যেই জেলা আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এক পক্ষের নেতৃত্বে সাংসদ শেখ মুজিবুর রহমান এবং অপর পক্ষে আ ফ ম রুহুল হক।সূত্র আরও জানায়, শেখ মুজিবুর রহমান গত ৭ ফেব্রুয়ারি যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ হারানোয় বঙ্গবন্ধু সৈনিক লীগের দপ্তর সম্পাদক ও মন্ত্রীর সমর্থক সরদার মুজিব গত ৯ ফেব্রুয়ারি তালা উপজেলার পাটকেলঘাটা কার্যালয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নানা কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের সমর্থকেরা সরদার মুজিব, জেলা আওয়ামী লীগের সদস্য আরাফাত হোসেনসহ কয়েকজনকে মারধর করেন।এ হামলার প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষের অংশ গত ১০ ফেব্রুয়ারি কলারোয়া উপজেলা সদরে অর্ধদিবস হরতাল পালন করে। গত ১১ ফেব্রুয়ারি দুই পক্ষ কলারোয়ায় পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করে।গত ২৬ ফেব্রুয়ারি কলারোয়াকে মডেল উপজেলা ঘোষণার দাবিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভা ডাকা হয়। শেখ মুজিবুর রহমানকে সেখানে প্রধান অতিথি থাকার কথা ছিল। প্রতিপক্ষের লোকজন গত ২৫ ফেব্রুয়ারি রাতে ওই মঞ্চ ভেঙে দেয়। এর প্রতিবাদে শেখ মুজিবুরের সমর্থক লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কামাল ও কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন গত ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় কলারোয়ার বোয়ালিয়া কলেজ মাঠে সভা ডাকেন। একই সময় একই স্থানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের নেতৃত্বে পৃথক একটি সভা ডাকা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই দিন সভাস্থল ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (মন্ত্রীর সমর্থক) শহীদুল ইসলাম বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের অদক্ষতায় দল সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে। দলের নেতৃত্বে এখনই পরিবর্তন না আনলে ভবিষ্যতে দলের ভরাডুবি হবে।শেখ মুজিবুর রহমান মন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, তিনিই সব করছেন। দলে বিরোধ সৃষ্টি করছেন। মারপিটের ইন্ধন দিচ্ছেন। তাঁর সঙ্গে আওয়ামী লীগের কেউ নেই; রয়েছে কিছু সুবিধাবাদী বসন্তের কোকিল।স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি কোনো দলাদলি বা বিরোধ পছন্দ করেন না। জনবিচ্ছিন্ন গুটি কয়েক লোক তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন।