সাতক্ষীরা জেলা ও দায়রা জজের বিরুদ্ধে তদন্ত শুরু
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আবুল হোসেন খানের বিরুদ্ধে শিশু অর্ণব হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বেআইনিভাবে খালাস দেওয়ার অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা ও দায়রা জজের চেম্বারে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের মাধ্যমে এ তদন্ত শুরু করেন।এদিকে গত ২৯ মার্চ আইন মন্ত্রণালয় থেকে আবুল হোসেনকে নীলফামারী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে তাৎক্ষণিকভাবে বদলির (স্ট্যান্ড রিলিজ) নির্দেশ দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৪ আগস্ট ওই মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কালীগঞ্জ উপজেলার গোদাড়া গ্রামের খলিলুর রহমান, চাম্পাফুল গ্রামের গোলাম ফারুখসহ ছয় আসামিকে খালাস দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে ৩১ আগস্ট আপিল করা হলে চেম্বার জজ ছয় সপ্তাহের জন্য রায়টির স্থগিতাদেশ দেন। বাদীপক্ষ ৫ অক্টোবর ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিয়মিত আপিল মামলা দায়ের করলে স্থগিতাদেশ বহাল হিসেবে গণ্য করা হয়। কিন্তু হাইকোর্টের ওই রায়ের কপি গত ১০ জানুয়ারি সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছায়। পরে জজ আবুল হোসেন নিয়মবহির্ভূতভাবে হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা জেলা কারাগারের সুপারকে নির্দেশ দেন।