সাতক্ষীরা জেলা কারাগারে আড়াই গুণ বেশি বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দী আছে। অতিরিক্ত বন্দী থাকায় কারাগারে খাওয়া, থাকা ও চিকিৎসার অসুবিধাসহ নানা সমস্যা দেখা দিয়েছে।কারাগার সূত্রে জানা গেছে, সেখানে ৬০ জন নারীসহ ৪৩০ জন বন্দী থাকার ব্যবস্থা রয়েছে। অথচ বর্তমানে সহস্রাধিক বন্দী আছে। এর মধ্যে ২০০ জন নারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জন বন্দী আছে। বন্দীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য একজন সহকারী সার্জন, একজন ফার্মাসিস্ট ও একজন সেবিকার পদ রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে সহকারী সার্জন ও সেবিকার পদ শূন্য রয়েছে। বন্দীরা অসুস্থ হয়ে পড়লে সহকারী সার্জনের দায়িত্বে থাকা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসককে খবর দিয়ে কারাগারে আনতে হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়া শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও সিরাজুল ইসলাম বলেন, কারাগারে থাকা, খাওয়া ও চিকিৎসাসেবার সমস্যা প্রকট; পানির সমস্যার অন্ত নেই। খাবার দেওয়া হয় নিম্নমানের। গরিব বন্দীরা বেশি দামের কারণে কারাগারের ক্যানটিনের খাবার কিনে খেতে পারে না। কারাধ্যক্ষ আবু তালেব দাবি করেন, ধারণক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি আসামি থাকলেও থাকা-খাওয়ার সমস্যা নেই। নলকূপ বসানোর কাজ শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে পানির সমস্যা থাকবে না।