সাতক্ষীরা জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির সাবেক সাংসদ আবদুল খালেক মণ্ডলকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যান্য ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে আগে থেকেই কারাগারে রয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় আবদুল খালেককে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানায় পুলিশ। ট্রাইব্যুনাল তাতে সম্মতি দিলে ওই দিন বিকেলে তাঁকে গ্রেপ্তারের নির্দেশনা-সংবলিত বার্তা সাতক্ষীরা কারাগার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সরকার পক্ষে চিফ প্রসিকিউটর বাদী হয়ে গত ১৬ জুন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা (সহকারী পরিচালক) মো. এ রাজ্জাক খান গতকাল শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইনামুল হক বিশ্বাস বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীর নেতৃত্ব দিয়ে কয়েকটি হত্যাকাণ্ডসহ সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি ও বাড়ি দখল করেন আবদুল খালেক। ১৯৭১ সালে শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ২০০৯ সালে সাতক্ষীরা সদর থানায় তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা করেছিলেন রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে এ মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (তথ্য কর্মকর্তা) মো. কামাল হোসেন বলেন, গত ১৬ জুন ভোরে আবদুল খালেক মণ্ডলকে নিজ বাড়িতে সহযোগীদের নিয়ে গোপন বৈঠকের সময় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতা, সড়ক অবরোধ, হামলাসহ ১৫টি মামলা রয়েছে।