সাতক্ষীরা জেলা বিএনপির ছয় নেতা গ্রেপ্তার

নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের সাধারণ সম্পাদক, সভাপতিসহ ছয়জন বিএনপি ও যুবদলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা শহরের নাবারুন বালিকা বিদ্যালয়ের সামনের একটি বাড়ি থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, যুবদল সভাপতি হাসান হাদি, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শহীন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরাসহ আরও ১৫ থেকে ২০ জন নাবারুন বালিকা বিদ্যালয়ের সামনে একটি নির্জন স্থানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সাংবাদের ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা বলেন, নাবারুন বালিকা বিদ্যালয়ের সামনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীনের বাড়িতে কয়েকজন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা দলীয় বৈঠক করছিলেন। এ সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।