সাতক্ষীরা থেকে ‘বিষাক্ত’ আম যাচ্ছে সারা দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় বিষাক্ত রসায়নিক ও কার্বাইড দিয়ে আম পাকিয়ে সারা দেশে বাজারজাত করা হচ্ছে। এসব আম খেলে মরণব্যাধি ক্যানসারসহ মানবদেহে নানা ধরনের রোগ হতে পারে। বিষয়টি জেনেও কিছু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে এই কাজটি করে চলেছেন। সংশ্লিষ্ট বিভাগের প্রচারণার অভাব ও প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় প্রকাশ্যে এ কাজ চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন হাটবাজার থেকে ব্যবসায়ীরা প্রতিদিন ৩০-৩৫টি ট্রাকভর্তি আম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠান। এ ছাড়া ঢাকাগামী পরিবহনের ছাদে করেও আম যায় বিভিন্ন স্থানে। প্রতিটি ট্রাকে থাকে ৩০০-৩৫০ মণ আম। বৃহস্পতিবার বেলা ১১টায় ও সন্ধ্যার পর জেলা সদরের বড়বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিটি আড়তের মেঝেতে সারি সারি সাজানো আমের ঝুড়িতে ফ্যান দিয়ে বাতাস দেওয়া হচ্ছে। পরে এসব আম কার্টন করে ট্রাকে ভর্তি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, রসায়নিক ছিটানোর পর আম এভাবে শুকানো হয়। তবে আড়ত মালিকেরা দাবি করেন, বাতাস দিয়ে আমের আঠা শুকাচ্ছেন।সাতক্ষীরা সদরের আম ব্যবসায়ী বাবুল সরদার ও জাহাঙ্গীর হোসেন জানান, ফেব্রুয়ারি মাস থেকে গাছে মুকুল আসা শুরু হলে তাঁরা আমের বাগান ক্রয় করেন। আবার আম বড় হওয়ার পরও বাগান কিনে থাকেন। তবে টাকা লগ্নি করেন দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীরা। আবার মৌসুমের শুরুতেই জেলার বাইরে থেকে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা সরাসরি আমের বাগান ক্রয় করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, বর্তমানে সাতক্ষীরা থেকে নানা জাতের আম দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। তাঁদের মতে, এসব আমের ৯০ ভাগই কার্বাইড ও বিষাক্ত রসায়নিক ছিটিয়ে পাকানো হয়। আম পাড়ার পর গাছতলায় সাজিয়ে তাতে বিভিন্ন রসায়নিক ছিটানো হয়। তারপর সেগুলো বাতাস দিয়ে শুকিয়ে প্লাস্টিকের কার্টন ভর্তি করা হয়। পরে ওইসব কার্টুন ট্রাক ভর্তি করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। সাধারণত রসায়নিক ছিটানোর ২৪ ঘণ্টার মধ্যে আম পেকে যায়। আবার আড়তেও রসায়নিক ছিটানো হয়। আম ব্যবসায়ী আবদুল্লাহ সরদার ও বাবু সরদার জানান, রসায়নিক ছিটালে সব আম একসঙ্গে পাকে ও রং হয় সুন্দর, যা সহজে আকৃষ্ট করে ক্রেতাদের। তাঁদের মতে, রসায়নিক ছিটানোর পদ্ধতি সহজ হওয়ায় কার্বাইড ব্যবহার অনেক কমে গেছে। সাতক্ষীরা বড়বাজারের কৃষি ইন্টারপ্রাইজের মালিক তোজাম্মেল হক জানান, ইভেন, রাইজার, প্রোলমং, প্রোফিট, হারভেস্ট ও রাইফেন নামের ইথেফন বাজারে পাওয়া যায়। সাধারণ আমের মুকুল স্থায়ী ও আম পুষ্ট করার জন্য এসব রসায়নিক ব্যবহারের কথা ওষুধের সঙ্গে থাকা ব্যবহারবিধিতে বলা হলেও ব্যবহার করা হচ্ছে আম, কাঁঠাল, কুল, পেঁপেসহ বিভিন্ন ফল পাকানো এবং রং আকর্ষণীয় করার কাজে।সাতক্ষীরা খামারবাড়ির উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ গণেশ চন্দ্র মণ্ডল বলেন, কোনো ফল গাছ থেকে পাড়ার পর ইথেফন ব্যবহার করা যাবে না। ইথেফন দিয়ে পাকানো ফল খেলে মানবদেহে নানা ধরনের রোগ দেখা দিতে পারে। এসব মানবদেহের জন্য খুব ক্ষতিকর। জেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল হাসেম ইথেফন ও কার্বাইড দিয়ে আম পাকানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে তাঁরা অভিযান চালিয়ে ফল নষ্ট ও সংশ্লিষ্টদের জরিমানা করেছেন। তবে লোকবল কম। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগে তাঁরা সাবধান হয়ে যান। ফলে উদ্যোগ নেওয়ার পরও সফল হওয়া যাচ্ছে না। তিনি জানান, বিষাক্ত ইথেফন ও কার্বাইট ব্যবহার করে পাকানো আম খেলে আলসার, ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস ও হূদরোগ হতে পারে। গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য এ আম খাওয়া বেশি ক্ষতিকর।