সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকটির অবস্থা এতটাই খারাপ যে হেঁটে চলাচল করাও সম্ভব নয়। কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় এবং অনেক স্থানে ভেঙে যাওয়ায় সড়কগুলোর এই করুণ অবস্থা হয়েছে। পৌর এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অপ্রশস্ত হওয়ায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব কারণে সড়কগুলো এখন মানুষের উপকারে না এসে যন্ত্রণার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।সাতক্ষীরা পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে সাতক্ষীরা পৌরসভাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। এর আয়তন ৩৬ দশমিক ৪৫ বর্গকিলোমিটার। পৌর এলাকায় ১৮০ দশমিক ৯৯ কিলোমিটার পাকা ও ৫৫ কিলোমিটার কাঁচা সড়ক আছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভার কটিয়া, কামাননগর, চালতেতলা, পুরাতন সাতক্ষীরা, পলাশপোল, বাঁকাল, লস্করপাড়া, মুনজিতপুর এলাকার অধিকাংশ সড়ক দিয়ে হেঁটে চলাচল করতে কষ্ট হয়। দীর্ঘদিন সংস্কার না করায় শহরের ব্যস্ততম শহীদ নাজমুল সরণি, শহীদ রীমু সড়ক, কাঞ্চন ব্যানার্জি সরণি, নূর মোহাম্মদ খান সড়ক, আবদুল মোতালেব সড়কের অবস্থা খুবই খারাপ।সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির ব্যবসায়ী আবদুল ওহাব জানান, বছর বছর কর বাড়ে। কিন্তু সড়কের কোনো উন্নতি হচ্ছে না। নূর মোহম্মাদ খান সড়ক এলাকার বাসিন্দা মো. আশরাফুজ্জামান জানান, তাঁদের এলাকার সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থান ভেঙে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সাতক্ষীরা শহরের বাসিন্দা জিয়াউল হক ও মো. অনিছুজ্জামান জানান, লোকসংখ্যা, ব্যবসাপ্রতিষ্ঠান, গাড়ি, রিকশা-ভ্যান ও ঘরবাড়ির সংখ্যা বাড়লেও সে অনুপাতে সড়কের সংখ্যা বাড়েনি। শহরের অধিকাংশ সড়কের পাশে কোনো ফুটপাত নেই। এসব কারণে যানজট হচ্ছে।এলাকাবাসী জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শহরের সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য শহরের প্রধান প্রধান সড়কের দুই পাশের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে থেকে তিন থেকে পাঁচ ফুটের মধ্যে থাকা সব স্থাপনা ভেঙে দেওয়া হয়। কিন্তু পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি না সরানোর কারণে সড়ক প্রশস্ত হয়নি। সাতক্ষীরা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাফি-উদ-দৌলা সাগর জানান, ইতিমধ্যে শহর উন্নয়ন প্রকল্পের (ডিটিআইডিপি) আওতায় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ছয়টি সড়ক উন্নয়ন, বড়বাজারে একটি শৌচাগার নির্মাণ ও রসুলপুর কবরস্থানের পাঁচিল দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে ২ ও ৯ নম্বর ওয়ার্ডের ৩১টি সড়ক সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৩২টি সড়ক চিহ্নিত করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব রাস্তা নতুন করে নির্মাণ করা হবে।পৌর মেয়র আবদুল জলিল বলেন, তিনি মাত্র দেড় মাস আগে মেয়রের দায়িত্ব নিয়েছেন। ইতিমধ্যে কয়েকটি সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব সড়ক চলাচলের উপযোগী করা হবে। বিদ্যুতের খুঁটি সরিয়ে নিয়ে সড়ক দ্রুত প্রশস্ত করা হবে।