সাতক্ষীরা পৌরসভায় দুই হাজার পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভা ও এর আশপাশের এলাকায় দুই মাস ধরে প্রায় দুই হাজার পরিবারের ১০ হাজার মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ৩ নম্বর ওয়ার্ডের কুলিনপাড়া, বদ্দিপুর কলোনি, তালতলা, দক্ষিণপাড়ার একাংশ, মাদ্রাসাপাড়ার একাংশ ও ঋষিপাড়ার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। সড়ক, ফসলের মাঠ ও বাড়ির আঙিনা—সব পানিতে একাকার হয়ে রয়েছে। পানিতে খেতের ফসল নষ্ট হয়ে গেছে। অধিকাংশ বাড়ির আঙিনায় পানি। অনেক বাড়ির ঘরে পানি ঢোকার উপক্রম হয়েছে। শিশুরা পানির মধ্য দিয়েই বিদ্যালয়ে যাচ্ছে।

৩ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর জব্বার ও বদ্দিপুর কলোনির হোসেন আলী মিস্ত্রি জানান, এলাকার পানিনিষ্কাশন হয় ডেউরবিল, গদাইবিল ও টেমোরবিল হয়ে বেতনা নদী দিয়ে। কিন্তু বেতনা নদী প্রায় ভরাট হয়ে গেছে। ডেউরবিল, গদাইবিল ও টেমোরবিলের মধ্য দিয়ে প্রবাহিত খালের ওপর স্লুইসগেট থাকায় মাটি ভরাট হয়ে রয়েছে। পাশাপাশি চিংড়িঘের করার জন্য বড়দল, গোবিন্দপুর, লাঠামারি, বাওডাঙ্গিসহ সাত-আটটি এলাকার কালভার্ট বন্ধ করে দেওয়ায় পানিনিষ্কাশন হতে পারছে না। ফলে বৃষ্টির পানিতে দুই মাস ধরে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রাম তলিয়ে আছে। ইতিমধ্যে পানি পচে অনেক এলাকায় দুর্গন্ধ হয়ে গেছে। শিশুদের চুলকানি, ঘা-পাঁচড়াসহ চর্মরোগ দেখা দিয়েছে।

কুলিনপাড়ার গৃহবধূ আশুরা খাতুন জানান, তাঁর মেয়ে বৈশাখী (৫) ও শ্রাবণী (৩) এবং একই গ্রামের ফিরোজা খাতুনের মেয়ে তাহমিনা খাতুনের (৮) পায়ে ঘা হয়ে গেছে। একই পাড়ার কৃষক চাঁদ আলী জানান, পানিতে তলিয়ে থাকায় মাসের পর মাস জমিতে ফসল করতে পারছেন না। এক বিঘা জমির কলাগাছ নষ্ট হয়ে যাচ্ছে। বৃদ্ধ আয়ুব আলী মোল্লা বলেন, ‘ঘরে বন্দী হয়ে গেছি। বুড়ো বয়সে হাঁটাচলা করব, তারও উপায় নেই। ঘর থেকে বের হতে পারছিনে।’

সাতক্ষীরা পৌরসভার মেয়র আবদুল জলিল জানান, বেতনা নদী ভরাট হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া মাছখোলায় দুটি ও শ্যালে একটি স্লুইসগেট এলাকা পলি পড়ে ভরাট হয়ে গেছে। এই দুটি এলাকা পৌরসভার বাইরের। এ কারণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

ইউএনও মো. আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে পানিনিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাছখোলার পুরোনো স্লুইসগেটটি দিয়ে পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে। শ্যালে এলাকার স্লুইসগেটের পলি সরানোর কাজ শুরু হয়েছে।