সাতক্ষীরা পৌরসভায় পানি ও বিদ্যুতের সমস্যা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি ও বিদ্যুতের জন্য সাতক্ষীরা শহরের বাসিন্দারা দুই মাস ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থা নিরসনের দাবিতে সাতক্ষীরা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন কয়েক দফায় পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) সাতক্ষীরার কার্যালয় ও পৌরসভার ভবন ঘেরাও করেছে। তার পরও সমস্যার সমাধান হয়নি।পৌরসভার পানি সরবরাহ কেন্দ্র সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভায় পানির গ্রাহক রয়েছেন সাড়ে সাত হাজার। এসব গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রতিদিন পানির প্রয়োজন সাড়ে ১২ হাজার ঘনলিটার। কিন্তু পানি সরবরাহের ক্ষমতা রয়েছে সাত হাজার ২০০ ঘনলিটার।সম্প্রতি সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহরের মুনজিতপুর, দক্ষিণ কাটিয়া, উত্তর কাটিয়া, লস্কারপাড়া, কাছারিপাড়া, সরকারপাড়া, মধুমল্লারডেঙ্গী, রাজারবাগানসহ অধিকাংশ এলাকায় প্রায় এক মাস ধরে পানিসংকট মারাত্মক আকার ধারণ করেছে।সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য আজাদ হোসেন, মাইমুল হক ও আলী নূর খান জানান, পানি আর বিদ্যুতের অভাবে সাতক্ষীরা শহরের মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। শহরের অনেক এলাকায় খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের অবস্থা সারা দেশে ভালো হলেও সাতক্ষীরায় তেমন উন্নতি হচ্ছে না। বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য এরই মধ্যে সাতক্ষীরা শহরে কয়েক দফা বিক্ষোভ মিছিল, ঘেরাও ও সমাবেশ করা হয়েছে; এমনকি ঝাড়ুমিছিল করার পরও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের তত্ত্বাবধায়ক সেলিম সরোয়ার বলেন, চাহিদা অনুযায়ী পানি উৎপাদন করা যাচ্ছে না। ছয়টি পাম্প মেশিনের মধ্যে চারটিই নষ্ট। নতুন করে দুটি গভীর নলকূপ স্থাপন করা হলেও তা দিয়ে চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করা যাচ্ছে না; সেই সঙ্গে রয়েছে বিদ্যুতের সমস্যা।ওজোপাডিকোর সাতক্ষীরা কার্যালয় থেকে জানা গেছে, বোরো ধানে সেচ দেওয়ার জন্য ৭৭০টি সংযোগসহ তাঁদের গ্রাহকের সংখ্যা প্রায় ২১ হাজার। এসব গ্রাহকের চাহিদা মেটানোর জন্য প্রতিদিন ১২ থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন।সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী তবিবর রহমান বলেন, গত ১৭ জানুয়ারি থেকে ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার নষ্ট। বর্তমানে ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি মাত্র ট্রান্সফরমার দিয়ে কাজ চলানো হচ্ছে। একটি ট্রান্সফরমার দিয়ে ১২ থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। নতুন করে পাঁচ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার অন্য জেলা থেকে নিয়ে আসা হয়েছে। তা দিয়ে সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে।