সাতক্ষীরা প্রধান ডাকঘরের ভবন নির্মাণে অনিশ্চয়তা
সাতক্ষীরার প্রধান ডাকঘরের নতুন ভবন নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একটি কাজের বিলের বরাদ্দ আটকে থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করছে না।ডাকঘরের পুরোনো ভবনটি ভেঙে ফেলায় এখন কাজ চলছে একটি টিনের ছাউনির নিচে। এর একপাশে টিনের বেড়া ও তিন পাশ লোহার গ্রিল দিয়ে ঘেরা। প্রতিদিন এখানে চিঠি ও টাকা আদান-প্রদানসহ নানা ধরনের কাজ হয়। কিন্তু ভবন না থাকায় এখন এসব কাজ ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকেরা এখানে এসে যথাযথ সেবা পাচ্ছেন না। প্রধান ডাকঘরের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুলাই মাসে প্রধান ডাকঘরের নতুন দ্বিতল ভবনের দরপত্র আহ্বান করা হয়। ৯০ লাখ টাকার এ ভবন নির্মাণের কাজ পায় বাগেরহাটের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজী এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাজী আবদুস সেলিম জানান, সেপ্টেম্বর মাসে তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের আগস্ট মাসে কাজটি শেষ হওয়ার কথা। কাজ করতে এসে তিনি দেখতে পান, যেখানে নতুন ভবন নির্মাণ করা হবে, সেখান থেকে পুরোনো ভবনটি অপসারণ করা হয়নি। ভবনটি অপসারণ করতে দুই মাসের বেশি সময় লেগে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবন নির্মাণ করার আগে যে স্থানে ভবন নির্মাণ করা হবে, সেই স্থানের মাটি পরীক্ষা করে। মাটি পরীক্ষার পর তারা সিদ্ধান্ত নেয় ভবন নির্মাণের জন্য জায়গা পাইলিং করতে হবে। পাইলিং করার জন্য আবার নভেম্বর মাসে দরপত্র আহ্বান করা হয়। ৩০ লাখ টাকার এ কাজটিও পায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ না দিয়ে একটি মৌখিক নির্দেশে তাঁদেরকে পাইলিং করার নির্দেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নভেম্বর মাসের মধ্যে তাঁরা দ্রুত পাইলিংয়ের কাজ শেষ করেন। ওই কাজের বিল জমা দেওয়া হলেও তাঁদেরকে বিল দেওয়া হচ্ছে না। ওই বিল না পাওয়ায় তাঁরা ডাকঘরের নতুন ভবনের কাজ শুরু করতে পারছেন না। সাতক্ষীরা ডাকঘর কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে তিনজন কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৬৫ জন কর্মচারী আছেন। এখানে প্রতিদিন টিকিট বিক্রি, বিমা, সাধারণ মানি অর্ডার, ইলেকট্রনিক মোবাইল মানি অর্ডার (দ্রুত টাকা পাঠানোর সেবা), ডাকঘর সঞ্চয় হিসাবে টাকা জমা নেওয়া-দেওয়াসহ নানা ধরনের কাজ হয়।সাতক্ষীরা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার গোলাম মোস্তফা জানান, কবে ডাকঘরের কাজ শেষ হবে কিংবা কেন হচ্ছে না তা তিনি জানেন না। বিষয়টি খুলনা বিভাগীয় মহাপরিচালকের কার্যালয় (ডিপিএমজি) তদারকি করছে।খুলনা ডিপিএমজি মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি নতুন ভবন না হওয়ার বিষয়টি ঢাকা পিএমজিকে জানিয়েছেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে মৌখিকভাবে পাইলিংয়ের কাজ করার নির্দেশ দিয়েছিলেন। বরাদ্দ নিয়ে সমস্যা থাকায় ঠিকাদারের বিল পরিশোধ করা যাচ্ছে না।