সাতক্ষীরা ফরিদপুরে আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ
সাতক্ষীরা ও ফরিদপুরে গতকাল সোমবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় লোকজন ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আবদুস ছালাম ও মুন্সিগঞ্জ গ্রামের পল্লিচিকিৎসক অভিজিৎ মণ্ডল বলেন, গতকাল ভোর ৫টা ৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় ভয়ে তাঁরাসহ আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। পুকুর, খাল ও নদীর পানিতে ব্যাপক ঢেউ হতে দেখা যায়। তবে কোনো ক্ষতি হয়নি।
ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার কার্তিক রায়সহ এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল ভোরে ভূমিকম্প শুরু হলে বাড়িঘর দুলতে থাকে। বাড়ি থেকে বের হতে লোকজনের হুড়াহুড়ি লেগে যায়। এ সময় অনেকেই রাস্তায় চলে যান। তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
শহরের চকবাজার মহল্লার ওবায়দুর রহমান বলেন, ‘হঠাৎ মনে হলো আমার খাটটি নড়তে শুরু করেছে। আমি খাট থেকে নেমে মেঝেতে দাঁড়াই। আমার মাথা ঘুরতে থাকে ও বমি বমি ভাব হয়।’
ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আমিন বলেন, ভূমিকম্প প্রায় ১ মিনিট স্থায়ী হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রশিদ বলেন, ভূমিকম্পের পর জেলার সব উপজেলায় খবর নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।