সাতক্ষীরা বরগুনায় এমআরপি পাসপোর্টের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রতীক্ষার পর সাতক্ষীরা ও বরগুনায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার দুটি স্থানে কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফলে এখন থেকে সাতক্ষীরার বাসিন্দাদের খুলনায় এবং বরগুনার বাসিন্দাদের পটুয়াখালী গিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংগ্রহ করতে হবে না। এমআরপি পাসপোর্টের জন্য গতকালই সাতক্ষীরায় ৩৮ জন এবং বরগুনায় চারজন আবেদন করেছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জুন থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণ পাসপোর্ট (ম্যানুয়াল) সরবরাহের কার্যক্রম শুরু হয়। ওই সময় প্রতিদিন গড়ে শতাধিক পাসপোর্ট সরবরাহ করা হতো। সরকারের সিদ্ধান্তে ২০১১ সালের ৩১ মার্চ সাতক্ষীরায় পাসপোর্ট কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। তারপর সাতক্ষীরার মানুষকে পাসপোর্ট ফরম জমা ও পাসপোর্ট আনতে যেতে হতো খুলনায়।
সাতক্ষীরা শহরের কাছারিপাড়ায় তিনতলা ভবন ভাড়া নিয়ে ২০১২ সালের ১২ ডিসেম্বর থেকে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় চালু করা হয়। কিন্তু এমআরপি মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি না থাকায় এত দিন শুধু পাসপোর্ট নবায়নের কাজ করা হতো।
সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার তানজির আহমেদ বলেন, তাঁর এক আত্মীয়ের পাসপোর্ট করতে চারবার খুলনায় যেতে হয়েছে। যাতায়াতের জন্য অর্থ ও সময় দুটিই অপচয় হয়েছে। এখন সাতক্ষীরা পাসপোর্ট কার্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ায় গতকাল তিনি নিজেই পাসপোর্টের জন্য আবেদন করেছেন।
শহরের হরিদাস মণ্ডল জানান, পূর্ণাঙ্গ পাসপোর্ট অফিসের কাজ শুরু হওয়ায় জেলার মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, জেলায় প্রতি মাসে পাঁচ শতাধিক পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করা হয়ে থাকে। অধিকাংশই খুলনা পাসপোর্ট অফিস থেকে পাঠানো হয়।
সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মাহবুবুর রহমান জানান, এমআরপি পাসপোর্টের জন্য গতকাল সকাল থেকে আবেদন জমা নিয়ে ছবি তোলার কার্যক্রম শুরু করেছেন। গতকাল ৩৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩৪ জনের ছবি তুলেতে পেরেছেন। অন্যগুলোর কাগজপত্রে ভুল থাকায় ছবি তোলা যায়নি।
এদিকে বরগুনায় এত দিন কোনো পাসপোর্ট কার্যালয় ছিল না। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় ভবনে পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে বরগুনাবাসীর দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়িত হলো। এখন থেকে বরগুনায় এমআরপি পাসপোর্ট করা সম্ভব হবে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, বরগুনা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।