সাতক্ষীরা, বাগেরহাটে চিংড়িঘেরে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও বাগেরহাটে চিংড়িঘেরে ব্যাপক হারে মড়ক দেখা দিয়েছে। ফলে চিংড়িচাষিরা ক্ষতির মুখে পড়েছেন। মৎস্য কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা বেশি হওয়ায় পানিতে অক্সিজেন কমে যাচ্ছে। অ্যামোনিয়া গ্যাসসহ অন্যান্য ক্ষতিকর গ্যাস সেই জায়গা দখল করে নিচ্ছে। আর ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগে মারা যাচ্ছে চিংড়ি।
সাতক্ষীরা জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলার ৬৬ হাজার ৮৯০ হেক্টর জমিতে ছোট-বড় মিলিয়ে বাগদা চিংড়ির ৫৪ হাজার ৯৩৫টি ঘের রয়েছে। চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫০০ মেট্রিক টন।
সরেজমিনে জেলার শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ঘেরে মড়ক দেখা দিয়েছে। চিংড়ি ঘেরে ছাড়ার প্রায় দেড় থেকে দুই মাস পর নিস্তেজ হয়ে মরে যাচ্ছে। তীব্র দাবদাহের পাশাপাশি ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগে এসব চিংড়ি মরে যাচ্ছে।
শ্যামনগরের ভরুলিয়া এলাকার নাজমুল হোসেন ১৫ বিঘা ও আজিবর রহমান ৩০ বিঘা জমিতে চিংড়ি চাষ করেছেন। জমি ইজারা নেওয়াসহ তাঁদের বিঘাপ্রতি চিংড়ি চাষ কতে খরচ হয়েছে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা। ঋণ নিয়ে তাঁরা চিংড়ি চাষ করেছেন। তাঁদের ঘেরে মড়ক দেখা দিয়েছে। আশাশুনির পুঁইজ্বালা গ্রামের শওকাত হোসেন মোড়ল ও শ্রীউলা গ্রামের আসাদুল ইসলাম জানান, তাঁদের ঘেরেও চিংড়ি মরে যাচ্ছে।
সাতক্ষীরা জেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, শ্যামনগরে তাঁর দুটি ঘের রয়েছে। ঘেরে ব্যাপক হারে চিংড়ি মারা যাচ্ছে। জেলার প্রায় প্রতিটি চিংড়িঘেরে কমবেশি মড়ক দেখা দিয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ২৮ থেকে ৩১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাগদা চিংড়ি সহ্য করতে পারে। কিন্তু বর্তমানে জেলার তাপমাত্রা তার চেয়ে বেশি। ফলে পানিতে অক্সিজেন কমে যাচ্ছে। অ্যামোনিয়া গ্যাসসহ অন্যান্য ক্ষতিকর গ্যাস সেই জায়গা দখল করে নিচ্ছে। এ ছাড়া অধিক তাপমাত্রার কারণে ঘেরের পানি কমে যাচ্ছে। সব মিলিয়ে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগে চিংড়ি মারা যাচ্ছে। তিনি দাবি করেন, জেলার ১০ থেকে ১৫ ভাগ ঘেরে সমস্যা দেখা দিয়েছে।
বাগেরহাটে মৌসুমের শুরুতেই বিভিন্ন চিংড়িঘেরে মড়ক লেগেছে। চিংড়ি গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য বিভাগের বাগেরহাট জেলা কার্যালয় আক্রান্ত চিংড়ি সংগ্রহ করে রোগনির্ণয়ের জন্য তা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের খোন্তাকাটা ও শশীখালীর বিল ঘুরে দেখা গেছে, অধিকাংশ ঘেরে বাগদা চিংড়ি মরে ভেসে উঠেছে।
জেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম বলেন, জেলার সব কটি উপজেলায় বাগদা ও গলদা চিংড়িতে কমবেশি মড়ক লেগেছে। তবে বাগেরহাট সদর, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ উপজেলার বাগদা চিংড়িঘেরগুলোতে মড়কের মাত্রা বেশি। এ বছর মড়ক মহামারি রূপ নিয়েছে। এতে হাজার হাজার চাষি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সদর উপজেলার শশীখালি ও খোন্তাকাটা বিলের চাষি আসাদুজ্জামান ও শেখ শহীদুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছর ধরে ৬৫ বিঘা জমিতে চিংড়ি চাষ করছি। এ বছর যেভাবে চিংড়িতে মড়ক লেগেছে, তাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।’
বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাবিকুল ইসলাম বলেন, ‘চাষিরা যে পদ্ধতিতে চিংড়ি চাষ করেন তা পরিকল্পিত নয়। তাদের ঘের তৈরিতে সমস্যা রয়েছে। এ কারণে মৌসুমের শুরুতেই চিংড়িতে মড়ক লেগেছে। ব্যাকটেরিয়ার সংক্রমণে চিংড়ি মারা যাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা মরা চিংড়ির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষা করছি।’
বাগেরহাট মৎস্য বিভাগের বিভাগীয় মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. জিয়া হায়দার চৌধুরী বলেন, এ বছর জেলার নয়টি উপজেলায় ৭০ হাজার ঘেরে চিংড়ি চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ২৭১ মেট্রিক টন। মৌসুমের শুরুতে বৃষ্টিপাত অনেক কম হয়েছে। ঘেরগুলোতে যে পরিমাণ পানি থাকা দরকার তা নেই। ফলে প্রচণ্ড দাবদাহে পানি গরম হয়ে অক্সিজেন কমে গেছে। তবে পরীক্ষা ছাড়া কী কারণে চিংড়িতে মড়ক লেগেছে, তা এখনই বলা যাচ্ছে না।