সাতক্ষীরা বাস টার্মিনালে হামলা, দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুজন শ্রমিক আহত হয়েছেন। এ সময় পুলিশ তিন শ্রমিক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বেলা একটার দিকে এসব ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি নজরুল ইসলাম সরদার, যুগ্ম সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদ আবদুর রহমান শাহাজি ও আবুল কালাম৷
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান অভিযোগ করেন, জেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে টার্মিনাল দখল করে রেখেছেন। সাইফুেলর পক্ষের শ্রমিকেরা গতকাল বেলা একটার দিকে টার্মিনালে এসে তাঁর (আসাদুজ্জামান) পক্ষের শ্রমিক নাজমুল হোসেন ও বাপী রহমানকে কুপিয়ে জখম করেন। এদিকে সাইফুল করিম বলেন, তাঁদের বিরুদ্ধে টার্মিনাল দখল করে রাখার অভিযোগ সত্য নয়৷ গতকালের ঘটনায় তাঁর পক্ষের কোনো লোক জড়িত নন৷